বাবর ও রহিমকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সিইউএফএল জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক আবদুর রহিমকে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে তদন্তকারী সংস্থা পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি। গতকাল মঙ্গলবার তদন্ত কর্মকর্তা সিআইডির সহকারী পুলিশ সুপার মনিরুজ্জামান চৌধুরী এ আবেদন করেন।সহকারী পুলিশ কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাবরের রিমান্ড শুনানি ৬ ডিসেম্বর ও এনএসআইয়ের সাবেক মহাপরিচালক রহিমের শুনানি আজ বুধবার হবে। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় দুজনকে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছে সিআইডি। আদালত সূত্র জানায়, এনএসআই অস্ত্রগুলো আনার ব্যবস্থা করে। বাবর বিষয়টি জানার পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তাঁকে আবার রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়। আর এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক আবদুর রহিমের ভূমিকা কী ছিল, সেটা জানার প্রয়োজন আছে বলে গতকাল আদালতে দাখিল করা আবেদনে বলা হয়।তদন্ত সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএল জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয় বলে বিভিন্ন সাক্ষীর বক্তব্যে জানা গেছে। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোতে পারেনি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়।