বাবর ও রহিমকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকায় আনা হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিমকে গতকাল শনিবার সকালে ঢাকায় নেওয়া হয়েছে। চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তাঁদের ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ—সিআইডি জিজ্ঞাসাবাদ করবে। এর আগে চট্টগ্রামের আদালতে তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করা হয়।চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের দায়িত্বশীল একজন কর্মকর্তা জানান, সিআইডি পুলিশ গতকাল সকাল সোয়া ১০ টার দিকে আলাদা দুটি মাইক্রোবাসে করে বাবর ও রহিমকে নিয়ে ঢাকায় রওনা হন।সিআইডি সূত্র জানায়, ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় বাবর ও রহিমকে মালিবাগে অবস্থিত সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হবে। প্রয়োজনে তাঁদের মুখোমুখি করা হতে পারে।আদালত ও সিআইডি সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে সিইউএফএলের জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটকের ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় পাঁচ সদস্যের তদন্ত কমিটি করে। এসব অবৈধ অস্ত্র ও গোলাবারুদ খালাসের সঙ্গে এনএসআইয়ের মাঠ কর্মকর্তা আকবর হোসেন খান জড়িত ছিলেন বলে এনএসআইয়ের তৎকালীন পরিচালক ব্রিগেডিয়ার এনামুর জেনে মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. আবদুর রহিমকে জানিয়েছিলেন। কিন্তু রহিম ঘটনার সঙ্গে জড়িত আকবর হোসেনের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি।সিআইডি সূত্র জানায়, এ ছাড়া এনএসআইয়ের সাবেক উপপরিচালক মেজর (অব.) এম লিয়াকত হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশের বন্দর বিভাগের তৎকালীন উপকমিশনার আবদুল্লাহ হেল বাকীর সঙ্গে কী কারণে এবং কীভাবে বিতর্কে জড়িয়েছিলেন—তা রহিম আগের জবানবন্দিতে বলেননি। এসব বিষয়ে বাবর ও রহিমকে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হবে।সূত্র জানায়, এর আগে বাবরকে গত ৭ থেকে ১১ নভেম্বর মালিবাগে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় গত ৩ অক্টোবর। আর গত বছরের ১৫ মে রাতে ঢাকার বাসা থেকে গ্রেপ্তার করা হয় রহিমকে। পরে রহিম অস্ত্র আইনে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।তদন্ত সূত্র জানায়, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়। বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে ১০ ট্রাক অস্ত্র মামলার তদন্ত বেশি দূর এগোয়নি। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে অধিকতর তদন্ত শুরু হয়।