বাবর ও লিমনসহ ৬১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোটি টাকার দরপত্র নিয়ে রেলওয়ে পূর্বাঞ্চলের সদর দপ্তরের (সিআরবি) সামনে ছাত্রলীগ ও যুবলীগের সংঘর্ষে শিশুসহ জোড়া খুনের ঘটনার ২৮ মাস পর গতকাল সোমবার বিকেলে চট্টগ্রাম আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে নগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। অভিযোগপত্রে যুবলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত হেলাল আকবর চৌধুরী ওরফে বাবর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কৃত সাইফুল আলম ওরফে লিমন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের বর্তমান সভাপতি আলমগীর টিপুসহ ৬২ জনকে আসামি করা হয়েছে।
২০১৩ সালের ২৪ জুন চট্টগ্রাম নগরের সিআরবির সামনে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে সংঘর্ষে যুবলীগের কর্মী সাজু পালিত (২৮) ও শিশু আরমান (৮) নিহত হয়। এ ঘটনার পর ওই দুই নেতাকে নিজ নিজ সংগঠন থেকে বহিষ্কার করা হয়।
সংঘর্ষের ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মহিবুর রহমান বাদী হয়ে বাবর, লিমনসহ ছাত্রলীগ-যুবলীগের ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৩০ থেকে ৪০ জনকে আসামি করে নগরের কোতোয়ালি থানায় মামলা করেন। পরে নিহত সাজু পালিতের মা মিনতি পালিত বাদী হয়ে অজিত বিশ্বাসকে আসামি করে আদালতে হত্যা মামলা করেন।
অভিযোগপত্রে বলা হয়, রেলের ১ কোটি ১০ লাখ টাকার দরপত্র নিয়ে বাবর ও লিমনের অনুসারীদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় বাবরের পক্ষের অজিত ঘোষ, রিটু দাশ পিস্তল নিয়ে মহড়া দেন। অন্যদিকে লিমনের পক্ষের মনির ও শরীফকেও অস্ত্র হাতে দেখা যায়। দুই পক্ষের গোলাগুলিতে শিশুসহ দুজন নিহত হন। তদন্তকালে চেষ্টা করেও আসামিদের ব্যবহৃত অস্ত্রগুলো উদ্ধার করা যায়নি।
তবে এই চারজন এখন জামিনে রয়েছেন বলে পুলিশ জানিয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা ও চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক আতিক চৌধুরী গতকাল বিকেলে আদালত প্রাঙ্গণে প্রথম আলোকে বলেন, তদন্তে বাবর, লিমনসহ ৬২ আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় তাঁদের অভিযোগপত্রে আসামি করা হয়েছে। অভিযোগপত্রভুক্ত ৬২ আসামির মধ্যে পলাতক রয়েছেন ১২ জন। গ্রেপ্তারের পর জামিনে রয়েছেন ৪৮ জন। বর্তমানে কারাগারে আটক আছেন আসামি অমিত মুহুরী ও শিমুল প্রসাদ। অভিযোগপত্রে সাক্ষী রাখা হয়েছে ৩৭ জনকে। অভিযোগ প্রমাণিত না হওয়ায় এজাহারভুক্ত ২৬ আসামিকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
চট্টগ্রাম নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান বলেন, অভিযোগপত্র গ্রহণের শুনানির দিন এখনো ধার্য হয়নি।