বাবরকে চট্টগ্রামের আদালতে হাজিরে আইনি বাধা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল থেকে স্থানান্তর না করা-সংক্রান্ত আদেশ বাতিল করে দিয়েছেন আপিল বিভাগ। গতকাল সোমবার প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হকের নেতৃত্বে তিন বিচারপতির বেঞ্চ এ আদেশ দেন।আদেশের পর অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রথম আলোকে বলেন, হাইকোর্ট বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করা-সংক্রান্ত আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছিলেন। এ আদেশ বাতিল করায় এখন ১০ ট্রাক অস্ত্র মামলায় বাবরকে চট্টগ্রামের আদালতে হাজির করে রিমান্ড বিষয়ে শুনানিতে বাধা নেই।জানা গেছে, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় ১০ ট্রাক অবৈধ সমরাস্ত্র ধরা পড়ে। এই অস্ত্র মামলায় ৩ অক্টোবর বাবরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন চট্টগ্রামের মহানগর হাকিমের আদালত বাবরকে ১৩ অক্টোবর ওই আদালতে হাজির করার নির্দেশ দেন। বাবরের স্বাস্থ্যগত দিক বিবেচনা করে নির্দেশনা চেয়ে বাবরের পক্ষে হাইকোর্টে আবেদন করা হয়। এর পরিপ্রেক্ষিতে ১২ অক্টোবর আদালত হাজির-সংক্রান্ত আদেশের কার্যকারিতা দুই সপ্তাহ স্থগিত করেন। এতে স্থগিতাদেশ চেয়ে সরকারপক্ষ আপিল বিভাগে আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন।আদালতে বাবরের পক্ষে মামলা পরিচালনাকারী শাহ মঞ্জুরুল হক প্রথম আলোকে বলেন, হাসপাতাল থেকে স্থানান্তর না করা-সংক্রান্ত হাইকোর্টের আদেশ আপিল বিভাগ বাতিল করলেও বাবর নতুন করে এ বিষয়ে আবেদন করতে পারবেন।