বাবরকে ২ মার্চ আদালতে হাজির করার নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই কোটি ৫৬ লাখ টাকার আয়কর ফাঁকির মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে আগামী ২ মার্চ আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়েছে। অন্য মামলায় কারাগারে আটক লুত্ফুজ্জামান বাবরকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে এ আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে আদালত ২ মার্চেই অভিযোগ গঠনবিষয়ক শুনানির দিন ধার্য করেছেন। ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ এ এন এম বশির উল্লাহ এই আদেশ দেন।১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) উপকর কমিশনার সৈয়দ জাকির হোসেন বাদী হয়ে এ মামলা করেন। আদালত মামলাটি গ্রহণ করে বাবরের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। গতকাল মঙ্গলবার গ্রেপ্তারি পরোয়ানা জারিসংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল।গতকাল মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলি শাহ আলম তালুকদার এক দরখাস্তের মাধ্যমে বাবর কোন কোন মামলায় গ্রেপ্তার রয়েছেন তা আদালতকে অবহিত করেন। তিনি আদালতকে বলেন, লুত্ফুজ্জামান বাবর রাজধানীর গুলশান থানার একটি অস্ত্র মামলার দণ্ডপ্রাপ্ত আসামি। বর্তমানে বাবর প্রয়াত অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার রয়েছেন। তাঁর বিরুদ্ধে ১৬টি মামলা রয়েছে। প্রতিটি মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। শুনানি শেষে লুত্ফুজ্জামান বাবরকে আয়কর ফাঁকির মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করার আদেশ দেওয়া হয়।