বাবরসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবরসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর
বাবরসহ পাঁচজনের বিভিন্ন মেয়াদে রিমান্ড মঞ্জুর

চট্টগ্রামে রেলের দরপত্র নিয়ে ছাত্রলীগ-যুবলীগের সংঘর্ষে দুজন নিহত হওয়ার ঘটনায় যুবলীগের নেতা হেলাল আকবর চৌধুরী ওরফে বাবরকে চার দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে হেলাল আকবরের চার সহযোগীর তিন দিনের রিমান্ড মঞ্জুর করা হয়েছে।গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর হাকিম নূরে আলম ভূঁইয়া শুনানি শেষে এই আদেশ দেন। রিমান্ড মঞ্জুর হওয়া বাকি চার আসামি হলেন যুবলীগের ক্যাডার খোকন চন্দ্র তাঁতী, রিটু দাশ ও প্রেমাশীষ মুৎসুদ্দি এবং হেলাল আকবরের দেহরক্ষী শাহ আলম।চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মহিউদ্দিন প্রথম আলোকে বলেন, এই পাঁচ আসামির প্রত্যেককে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ। আদালত হেলাল আকবরের চার দিন এবং বাকিদের তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের সবাইকে গতকাল কারাগারে পাঠানো হয়েছে। আজ শুক্রবার জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে আনা হবে বলে ওসি জানান।তাঁদের সবাইকে গত মঙ্গলবার গভীর রাতে রাজধানীর গুলশানের নিকেতন এলাকার একটি বাসা থেকে পুলিশ গ্রেপ্তার করে। তাঁদের সঙ্গে মাজহারুল ইসলাম ওরফে শাকিল নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছিল। তাঁর বিরুদ্ধে চট্টগ্রামে কোনো মামলা নেই। তবে ঢাকায় তাঁর বিরুদ্ধে মামলা রয়েছে, তাই তাঁকে ঢাকায় পাঠানো হবে বলে চট্টগ্রামের পুলিশ জানিয়েছে।পুলিশ সূত্র জানায়, গ্রেপ্তারের পরপরই খোকন চন্দ্র নিজেকে পলাশ দাস আর রিটু দাশ নিজেকে রবি দে বলে পরিচয় দেন। পরে চট্টগ্রামে আনার পর তাঁদের প্রকৃত পরিচয় উদ্ঘাটিত হয়। এর মধ্যে খোকন চন্দ্রকে গত সোমবারের ওই সংঘর্ষে গুলিবর্ষণ করতে দেখা গেছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। আর রিটু দাশ অস্ত্র মামলায় সাত বছর ও বিস্ফোরক মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি।

থানায় ঔদ্ধত্যপূর্ণ আচরণ: যুবলীগের নেতা হেলাল আকবরকে নিয়ে ঢাকা থেকে গত বুধবার রাত ১০টা ৪০ মিনিটে চট্টগ্রামে পৌঁছায় পুলিশ। কোতোয়ালি থানায় ঢুকেই হেলাল ঔদ্ধত্যপূর্ণ আচরণ শুরু করেন। এ সময় তিনি পুলিশকে হুমকি-ধমকিও দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

বুধবার রাতেই মাইক্রোবাস থেকে কোতোয়ালি থানায় নামানোর পর উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে হেলাল আকবর চিৎকার করে বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী লীগের রাজনীতি তিন ভাগে বিভক্ত। আমি এক ভাগে আছি। সে জন্য অন্যরা ষড়যন্ত্র করে আমাকে মামলায় দিয়েছে।’

এ সময় থানায় হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে হেলাল আকবর পুলিশকে ধমক দিয়ে বলেন, ‘আমি কি চোর-ডাকাত? তোরা কী মনে করিস? আমাকে হ্যান্ডকাফ পরিয়ে নিয়ে এসেছিস কেন?’

১৫ জনকে জিজ্ঞাসাবাদ শুরু: সোমবারের সংঘর্ষের ঘটনায় এর আগে গত মঙ্গলবার ৪৪ জনের এক দিনের রিমান্ড মঞ্জুর করেছিলেন আদালত। এই ৪৪ জনের মধ্যে ১৫ জনকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের মধ্যে ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক সাইফুল আলম ওরফে লিমনও রয়েছেন।

এর আগে গত মঙ্গলবার মোট ৫২ জনকে আদালতে হাজির করে সাত দিন করে রিমান্ডের আবেদন করে পুলিশ। আদালত ৪৪ জনকে এক দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দেন। বাকি আটজনকে কারা ফটকে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। এর পরদিন বুধবার আরেকজনের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

গত সোমবার রেলওয়ে পূর্বাঞ্চলের ৯৬ লাখ টাকার দরপত্র জমা দেওয়া নিয়ে চট্টগ্রামের সিআরবি সাত রাস্তার মোড়ে যুবলীগ ও ছাত্রলীগের ক্যাডারদের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে আট বছরের শিশু আরমান এবং যুবলীগের নেতা সাজু পালিত গুলিবিদ্ধ হয়ে মারা যান।

এ ঘটনায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা সাইফুল আলম ও যুবলীগের কেন্দ্রীয় নেতা হেলাল আকবরসহ ৮৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০-৪০ জনকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা করে পুলিশ।