বাবরসহ ৫ জনের নির্দোষ দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১০ ট্রাক অস্ত্র আটক মামলা
১০ ট্রাক অস্ত্র আটক মামলা

১০ ট্রাক অস্ত্র আটক ও চোরাচালান মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরসহ আরও পাঁচ আসামি নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, তাঁরা কোনো সাফাই সাক্ষী দেবেন না। গতকাল বুধবার মহানগর দায়রা জজ এস এম মজিবুর রহমানের আদালতে ফৌজদারি কার্যবিধির ৩৪২ ধারায় পরীক্ষায় তাঁরা এ কথা বলেন। এর আগে আরও ৩২ আসামি আদালতে নিজেদের নির্দোষ দাবি করেন।
মামলার আসামি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল রেজ্জাকুল হায়দার নিজেকে নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য দেন। আরেক আসামি লুত্ফুজ্জামান বাবর মামলার কার্যক্রম স্থগিত রাখতে উচ্চ আদালতে আবেদন করেছেন উল্লেখ করে কোনো বক্তব্য দিতে রাজি হননি। তাঁরা ছাড়াও ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুর রহিম, উইং কমান্ডার (অব.) শাহাবুদ্দিন আহমদ, মেজর লিয়াকত হোসেন ও ওসমান মিস্ত্রি ৩৪২ ধারায় আদালতে পরীক্ষা দেন।
আদালত সূত্রে জানা গেছে, বেলা পৌনে দুইটার দিকে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি কামাল উদ্দিন আহাম্মদ আসামি শাহাবুদ্দিন, লুত্ফুজ্জামান, লিয়াকত, আবদুর রহিম ও ওসমান মিস্ত্রির বিরুদ্ধে অভিযোগ পড়ে শোনান। পিপি বলেন, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চিটাগং সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্রের চালান ধরা পড়ে। অস্ত্রগুলো ট্রাকে তোলার সময় পুলিশ গিয়ে উদ্ধার করে। ভারতীয় বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য অস্ত্রগুলো আনা হয়েছিল। এ ঘটনায় অস্ত্র আটক ও চোরাচালান মামলায় নগরের কর্ণফুলী থানায় দুটি মামলা হয়। সর্বশেষ অস্ত্র আটক ও চোরাচালান মামলায় ৫০ ও ৫২ জনের বিরুদ্ধে সম্পূরক অভিযোগপত্র দাখিল করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। সম্পূরক অভিযোগপত্রে নতুন করে বাবর, নিজামীসহ ১১ আসামিকে অন্তর্ভুক্ত করা হয়। দুই মামলায় রাষ্ট্রপক্ষ ৫৬ জনের সাক্ষ্য গ্রহণ করে। পরে পিপি আলাদাভাবে আসামিদের উদ্দেশে বলেন, ‘আপনারা দোষী, না নির্দোষ। আপনাদের কোনো বক্তব্য আছে কি না। সাফাই সাক্ষী দেবেন কি না।’ উত্তরে হাত নেড়ে চার আসামি বলেন, ‘আমরা নির্দোষ। আমরা কোনো সাফাই সাক্ষী দিব না।’
রেজ্জাকুলের বক্তব্য: রেজ্জাকুল ২৪ অক্টোবর ৩৪২ ধারার পরীক্ষায় নিজেকে নির্দোষ দাবি করেছিলেন। গতকাল এ বক্তব্যের সপক্ষে বিভিন্ন যুক্তি দেখিয়ে বক্তব্য দেন তিনি। রেজ্জাকুল আদালতে বলেন, ‘২০০৯ সালের ১৫ মে আমাকে গ্রেপ্তার করা হয়। ওই দিন উইং কমান্ডার শাহাবুদ্দিন আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছিলেন। সিআইডি নির্যাতন করে জবানবন্দি নিয়েছে উল্লেখ করে পরে তা প্রত্যাহারের আবেদন করেন শাহাবুদ্দিন। মামলার ৫৩ সাক্ষীর মধ্যে এমন কেউ বলেননি যে আমি ঘটনার সঙ্গে জড়িত।’
আজ বৃহস্পতিবারও শুনানির দিন ধার্য রয়েছে।