বাবরের জামিন নামঞ্জুর
সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের জামিন নামঞ্জুর করেছেন হবিগঞ্জের জেলা ও দায়রা জজ আদালত। গতকাল বুধবার বিকেলে বিচারক মুহম্মদ মাহবুব-উল-আলম এ আদেশ দেন।আদালত সূত্রে জানা গেছে, আদালতে শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের উন্নত চিকিৎসার জন্য তাঁর পক্ষ থেকে জামিনের আবেদন জানানো হয়। তাঁর আইনজীবী সালেহ আহমেদ চৌধুরী এ জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করেন। শুনানিতে রাষ্ট্রপক্ষে অংশ নেন পিপি আকবর হোসেইন।প্রসঙ্গত, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জ সদর উপজেলার বৈদ্দার বাজারে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় শাহ এ এম এস কিবরিয়াসহ পাঁচ নেতা-কর্মী নিহত হন। ওই হত্যাকাণ্ডের ঘটনায় বাবর ও মুফতি হান্নানসহ আট আসামি বর্তমানে কারাগারে। পাশাপাশি পুলিশের অভিযোগপত্রে অভিযুক্ত বিএনপি জেলা কমিটির তত্কালীন সহসভাপতি আব্দুল কাইউমসহ ১০ জন আসামি হাইকোর্ট থেকে জামিনে রয়েছেন।