বাবরের জামিন নামঞ্জুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাটে আটক ১০ ট্রাক অস্ত্র মামলায় বিগত চারদলীয় জোট সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন আবেদন নামঞ্জুর হয়েছে। গতকাল সোমবার শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম হুসাইন মুহাম্মদ ফজলুল বারী এ আদেশ দেন। একই আদেশে বাবরকে কারাবিধি অনুযায়ী চিকিৎসা দিতে কারা কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়। সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, বাবরের আইনজীবীরা ১৫ ডিসেম্বর রাতে তাঁর জামিন আবেদনসহ দুটি দরখাস্ত আদালতে জমা দেন। মহানগর হাকিম শুনানির পর তা নিষ্পত্তি করেন। জানা গেছে, প্রথম দফায় বাবরকে গত ৭ থেকে ১১ নভেম্বর মালিবাগে সিআইডি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয় গত ৩ অক্টোবর। দ্বিতীয় দফায় আবার পাঁচ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ শেষে তাঁকে ১৫ ডিসেম্বর রাতে চট্টগ্রাম মহানগর হাকিমের আদালতে হাজির করা হয়। ওই দিন তাঁর জামিন ও সুচিকিৎসার জন্য একটি আবেদন করেন আইনজীবীরা। গতকাল এই বিষয়ে শুনানির পর আদালত তাঁর জামিন আবেদন নামঞ্জুর করেন। তদন্ত সূত্র জানায়, উত্তর-পূর্ব ভারতের বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফার জন্য ২০০৪ সালের ১ এপ্রিল রাতে অস্ত্রগুলো আনা হয়। বিগত তত্ত্বাবধায়ক ও বর্তমান সরকারের আমলে এই মামলার অধিকতর তদন্ত শুরু হয়।