চট্টগ্রামের ইউরিয়া সার কারখানার জেটিঘাটে ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জামিন শুনানির দিন কাল বুধবার ধার্য করা হয়েছে। তাঁর কৌঁসুলি মহানগর দায়রা জজ আদালতে জামিনের আবেদন করলে আদালত শুনানির দিন ধার্য করেন। এ মামলায় গত বছরের ৩ অক্টোবর তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ প্রথম আলোকে বলেন, ‘বাবরের কৌঁসুলি জজ আদালতে জামিনের আবেদন করেন। আদালত বুধবার শুনানির দিন ধার্য করেন। আমরা তাঁর জামিনের বিরোধিতা করব।’ ১০ ট্রাক অস্ত্র আটক মামলায় প্রথম দফা রিমান্ডে বাবরকে গত ৭ থেকে ১১ নভেম্বর রাজধানীর মালিবাগে সিআইডির কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয় দফায় তাঁকে আবার গত ১০ ডিসেম্বর পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।