বাবরের দুর্নীতির মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে করা মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার রুল খারিজ করে এ রায় দেন।
আদালতে বাবরের পক্ষে শুনানি করেন আইনজীবী এ বি এম রফিকুল হক তালুকদার রাজা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে শুনানি করেন আইনজীবী খুরশীদ আলম খান।
পরে আইনজীবী খুরশীদ আলম খান প্রথম আলোকে বলেন, অভিযোগ আমলে নেওয়ার পর মামলাটি বাতিল চেয়ে বাবর হাইকোর্টে আবেদনটি করেন। হাইকোর্ট রুল খারিজ করে দিয়ে মামলাটি ছয় মাসের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন। ঢাকা মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন।
বাবরের আইনজীবী রফিকুল হক তালুকদার প্রথম আলোকে বলেন, মক্কেলের সঙ্গে আলোচনা করে আপিলের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
আইনজীবী সূত্র বলেছে, ৭ কোটি ৫ লাখ ৯১ হাজার ৮৯৬ টাকা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে ২০০৮ সালের ১৩ জানুয়ারি রমনা থানায় মামলাটি করে দুদক। এ মামলায় বাবরের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন বিচারিক আদালত। এ আদেশ বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন বাবর। এ আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে ২০০৮ সালের ২৫ আগস্ট হাইকোর্ট রুলসহ স্থগিতাদেশ দেন। এই রুলের ওপর চূড়ান্ত শুনানি শেষে আদালত তা খারিজ করে রায় দেন।