
সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের আইনজীবী এস এম শাহজাহান বলেছেন, ‘বাবর কে? তিনি কেন বঙ্গবন্ধুকন্যাকে হত্যার ষড়যন্ত্র করতে যাবেন? বর্তমান প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কিসের শত্রুতা? প্রধানমন্ত্রীর সঙ্গে কি তিনি (বাবর) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার দুঃসাহস রাখেন?’ ২১ আগস্ট গ্রেনেড হামলার মামলায় বাবরের পক্ষে আইনি যুক্তি তুলে ধরার সময় আদালতের কাছে তিনি এসব কথা বলেন।
আজ মঙ্গলবার দিনভর বাবরের পক্ষে আইনি যুক্তি তুলে ধরেন এস এম শাহজাহান। আগামীকাল বুধবার এ মামলার শুনানির দিন ঠিক করেছেন ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ মো. নুর উদ্দিন।
আসামিপক্ষের আইনি যুক্তিতর্ক উপস্থাপন শেষ হলে রাষ্ট্রপক্ষ যুক্তিতর্ক তুলে ধরবে। যুক্তিতর্ক শেষ হলেই মামলার রায় ঘোষণার তারিখ ঠিক করবেন আদালত।
রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনাকারী কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বলেন, অচিরেই মামলার রায় ঘোষণার দিন ঠিক করবেন আদালত।
বাবরের পক্ষে যুক্তি
বাবর ২১ আগস্টের হামলায় জড়িত নন, তাঁর পক্ষে নানা যুক্তি তুলে ধরেন তাঁর আইনজীবী এস এম শাহজাহান। তিনি আদালতের কাছে যুক্তি দেখান, বাবর বিএনপির কে যে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের খুন করার ষড়যন্ত্র করবেন? বাবর কি বিএনপির স্থায়ী কমিটির সদস্য, না প্রভাবশালী নেতা?
শাহজাহান বলেন, বাবর যখন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী, তখন তিনিই মুফতি হান্নানকে গ্রেপ্তার করার ব্যবস্থা করেছিলেন। হান্নানের ১৬৪ ধারার স্বীকারোক্তি অনুযায়ী প্রথম যে অভিযোগপত্র দেওয়া হয়, সেখানে বাবরের নাম নেই। অথচ বিচার শুরু হওয়ার পর দ্বিতীয়বার হান্নানকে দিয়ে ১৬৪ ধারার জবানবন্দি নেওয়া হয়। সেখানে হান্নান দাবি করেন, বাবর নাকি এ হামলায় জড়িত।
আইনজীবী শাহজাহান আদালতকে জানান, বাবরকে ২০০৮ সালের নির্বাচনে বিএনপি মনোনয়নও দেয়নি। তাহলে বাবর কেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হয়ে মুফতি হান্নানের মতো একজন লোকের সঙ্গে ষড়যন্ত্র করতে যাবেন? তাঁর দাবি, হান্নানের সঙ্গে কোনো দিন বাবরের সাক্ষাৎই হয়নি।
বাবর কোনো ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত নন দাবি করে আইনজীবী শাহজাহান বলেন, বাবর যদি ষড়যন্ত্র করতেন, তাহলে তিনি মন্ত্রী থাকা অবস্থায় বিশেষ আদালত গঠন করে অল্প সময়ের মধ্যে বিচারের ব্যবস্থা করে দিতে পারতেন। বাবর হান্নানকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়েছেন, আবার সেই হান্নানই জবানবন্দিতে দাবি করছেন, বাবর এ ঘটনায় জড়িত।
বিচার শুরু হওয়ার পর মামলার অধিকতর তদন্তের সুযোগ নেই দাবি করে এস এম শাহজাহান বলেন, হান্নানের দ্বিতীয়বারের স্বীকারোক্তিমূলক জবানবন্দির সাক্ষ্য হিসেবে বিবেচিত হতে পারে না। কারণ, এ জবানবন্দির ওপর ভিত্তি করে বাবরকে এ মামলার আসামি করা হয়েছে। তিনি আদালতের কাছে দাবি করেন, প্রথম অভিযোগপত্র আমলে নিয়ে বিচার শুরু করার পর ৬১ জনের সাক্ষ্য নেওয়া হয়। এরপর এ মামলার অধিকতর তদন্তের মাধ্যমে বাবরসহ অন্যদের অভিযুক্ত করা আইনবিরুদ্ধ। আইনের দৃষ্টিতে বিচার শুরুর পর অধিকতর তদন্তের সুযোগ নেই।
এর আগে মামলার সাক্ষী পুলিশের সাবেক অতিরিক্ত আইজি মোহাম্মদ শামসুল ইসলাম আদালতকে বলেছিলেন, মামলার আসামি ও ২১ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তার দায়িত্বে থাকা সিআইডির এএসপি আবদুর রশীদ তাঁকে জানান, জজ মিয়ার মা অত্যন্ত গরিব। তাঁকে আর্থিক সহায়তা দেওয়া প্রয়োজন। তবে কাজটি বেআইনি বলে তাঁকে নিবৃত্ত করার চেষ্টা করেন। রুহুল আমিন তাঁকে বলেছিলেন, তিনি কাজটি গোপনে করবেন, কেউ জানবে না। তখন তিনি তাঁকে (শামসুল) জানান, তৎকালীন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বিষয়টি জানেন। সে অনুযায়ী ব্যবস্থা নিতে বলেছেন।

বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোট সরকারের আমলে ২০০৪ সালের ২১ আগস্ট বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে ভয়ংকর গ্রেনেড হামলা চালানো হয়। ওই হামলায় আওয়ামী লীগের মহিলাবিষয়ক সম্পাদক আইভি রহমানসহ ২২ জন নিহত হন।
২১ আগস্ট হামলার মামলায় তদন্ত শেষে সিআইডির এএসপি ফজলুল কবীর ২০০৮ সালের ১১ জুন হত্যা ও বিস্ফোরক আইনে আদালতে দুটি অভিযোগপত্র জমা দেন। তাতে ২২ জনকে আসামি করা হয়। সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টু ছাড়া বাকি আসামিদের সবাই হুজি-বির জঙ্গি।
২০০৯ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর সিআইডি এ মামলার অধিকতর তদন্ত করে এবং ২০১১ সালের ৩ জুলাই সম্পূরক অভিযোগপত্র দেয়। তাতে আরও ৩০ জনকে আসামি করা হয়। তাঁরা হলেন তারেক রহমান, লুৎফুজ্জামান বাবর, প্রধানমন্ত্রী থাকাকালে খালেদা জিয়ার রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, জামায়াতে ইসলামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়া নেতা আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, সাবেক সাংসদ শাহ মোহাম্মদ কায়কোবাদ, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম (ডিউক), এনএসআইয়ের সাবেক দুই মহাপরিচালক ব্রিগেডিয়ার (অব.) আবদুর রহিম ও মেজর জেনারেল (অব.) রেজ্জাকুল হায়দার, ডিজিএফআইয়ের মেজর জেনারেল (অব.) এ টি এম আমিন ও লেফটেন্যান্ট কর্নেল (বরখাস্ত) সাইফুল ইসলাম জোয়ার্দার, পুলিশের সাবেক তিন মহাপরিদর্শক (আইজিপি) আশরাফুল হুদা, শহুদুল হক ও খোদা বকশ চৌধুরী, সাবেক অতিরিক্ত ডিআইজি খান সাইদ হাসান ও মো. ওবায়দুর রহমান, জোট সরকারের আমলে মামলার তিন তদন্তকারী কর্মকর্তা সিআইডির বিশেষ পুলিশ সুপার রুহুল আমিন, এএসপি মুন্সি আতিকুর রহমান ও এএসপি আবদুর রশিদ, হানিফ পরিবহনের মালিক মো. হানিফ এবং হুজি-বির ১০ জন নেতা।
আসামিদের মধ্যে পুলিশের সাবেক ছয় কর্মকর্তা, খালেদা জিয়ার ভাগনে সাইফুল ইসলাম ও সাবেক ওয়ার্ড কাউন্সিলর আরিফুর রহমানসহ ৮ জন জামিনে আছেন। বাবর, পিন্টুসহ ২৩ জন আসামি কারাগারে আছেন। পলাতক রয়েছেন ১৮ জন। অন্য মামলায় মুফতি হান্নানসহ তিন আসামির মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় বর্তমানে আসামির সংখ্যা ৪৯। পলাতক আসামিদের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে।
গ্রেনেড হামলায় সরাসরি জড়িত বলে অভিযুক্ত আসামি ফরিদপুরের মাহাবুব মুস্তাকিম ও আনিসুর মুরসালিন। এই দুই ভাই দীর্ঘদিন ধরে ভারতের নয়াদিল্লির তিহার কারাগারে আছেন।