২১ আগস্টের গ্রেনেড হামলা মামলায় সাক্ষী মেজর (অব.) আতিকুর রহমানকে গতকাল মঙ্গলবার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ আরও তিনজনের পক্ষে জেরা শেষ হয়েছে।
পরে সাবেক উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুর পক্ষে সাক্ষীকে জেরা শুরু হয়। আজ বুধবার আবদুস সালামসহ অন্য আসামিদের পক্ষে জেরার দিন ধার্য করা হয়েছে। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১-এর বিচারক শাহেদ নূর উদ্দিন এই তারিখ ধার্য করেন। ঢাকা কেন্দ্রীয় কারাগারের সামনে স্থাপিত বিশেষ এজলাসে এ মামলার বিচারকাজ চলছে।
আতিককে গতকাল সপ্তম দিনে বাবর, জঙ্গিনেতা জাহাঙ্গীর আলম ও রতনের পক্ষে জেরা করা হয়। এ নিয়ে মুফতি আবদুল হান্নানসহ ১৩ আসামির পক্ষে তাঁকে জেরা শেষ হয়েছে। অপর ছয় আসামির পক্ষে জেরা করতে অস্বীকৃতি জানান আইনজীবীরা। র্যাবের গোয়েন্দা শাখার তৎকালীন উপপরিচালক আতিকুর রহমান গত ২০ আগস্ট এ মামলায় জবানবন্দি দেন।
বাবরের পক্ষে সাক্ষীকে জেরা করেন আবদুস সোবহান তরফদার। রাষ্ট্রপক্ষে ছিলেন এ মামলার প্রধান সরকারি কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান। তাঁকে সহায়তা করেন আইনজীবী আকরাম উদ্দিন।
আসামি মুফতি হান্নানকে গ্রেপ্তারের জন্য পুরস্কার ঘোষণা করা হয়েছিল, তা কি জানেন?—সোবহান তরফদারের এ প্রশ্নের জবাবে সাক্ষী বলেন, না। আইনজীবী প্রথম আলোর একটি ফটোকপি দেখিয়ে বলেন, এখানে পুরস্কারের কথা বলা আছে।
সাক্ষী বলেন, ‘জানি না।’
আইনজীবী বলেন, ‘আপনার জবানবন্দিতে আছে, মুফতি হান্নানকে গ্রেপ্তারের পর পুরস্কার দেওয়া হয়েছিল। কত টাকা দেওয়া হয়েছিল?
সাক্ষী বলেন, স্মরণ নেই।
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় ২২ জন নিহত এবং শেখ হাসিনাসহ দলের শতাধিক নেতা-কর্মী আহত হন।