আয়কর ফাঁকির অভিযোগে করা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশের জন্য আগামী ৬ আগস্ট দিন ধার্য করেছেন আদালত। অভিযোগ গঠনের বিষয়ে শুনানি শেষে গতকাল রোববার ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক রেজাউল ইসলাম এ তারিখ ধার্য করেন।
অভিযোগ গঠনের বিষয়ে শুনানি থাকায় গতকাল লুৎফুজ্জামান বাবরকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। তিনি এ মামলায় জামিনে থাকলেও ২১ আগস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা মামলায় কারাগারে আটক আছেন।
অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষে শুনানি করেন বিশেষ সরকারি কৌঁসুলি মোহা. কবির হোসাইন। আসামিপক্ষে ছিলেন টি এম আকবর।
মামলা সূত্রে জানা যায়, লুৎফুজ্জামান বাবর ১৯৯৭ সালে মাস্টার ইলেকট্রনিক ইন্ডাস্ট্রি লিমিটেড প্রতিষ্ঠা করেন। তিনি ওই প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে ১৯৯৯-২০০৯ সাল পর্যন্ত বিভিন্ন করবর্ষে আয়কর বিবরণীতে আট কোটি ছয় লাখ ৮০ হাজার টাকার তথ্য গোপন করেন। এ ছাড়া, দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকিও দেন তিনি।