হরতালের কারণে গতকাল রোববার সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে করা আয়কর ফাঁকির মামলায় সাক্ষ্যগ্রহণ হয়নি। আদালত আগামী ২৭ অক্টোবর সাক্ষ্যগ্রহণের পরবর্তী তারিখ ধার্য করেছেন।
আদালত সূত্র জানায়, গতকাল এই মামলায় বাবরের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য ছিল। হরতালের কারণে আসামি বাবরকে আদালতে হাজির করা হয়নি। মামলার সাক্ষীও উপস্থিত ছিলেন না। এই কারণে রাষ্ট্রপক্ষ পরবর্তী তারিখ ধার্য করার আবেদন করেন।
ঢাকার বিশেষ জজ আদালত-৫-এর বিচারক রেজাউল ইসলাম তা মঞ্জুর করে নতুন তারিখ ধার্য করেন।
গত ৬ আগস্ট এই মামলায় অভিযোগ গঠন করা হয়।
লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ এনে ২০১০ সালের ১৪ ফেব্রুয়ারি জাতীয় রাজস্ব বোডের্র উপকর কমিশনার সৈয়দ জাকির হোসেন ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালতে মামলাটি করেন। মামলায় অভিযোগ করা হয়, বাবর ১৯৯৯-২০০০ করবর্ষ থেকে ২০০৮-২০০৯ করবর্ষ পর্যন্ত তাঁর মালিকানাধীন মাস্টার ইলেকট্রনিকস লিমিটেডের পরিচালক হিসেবে আট কোটি ছয় লাখ ৮০ হাজার ১১২ টাকার সম্পদের হিসাব গোপন করে দুই কোটি ৬৫ লাখ টাকার কর ফাঁকি দিয়েছেন।