বাবরের বেকসুর খালাস দাবি আইনজীবীর

২১ আগস্টের গ্রেনেড হামলা মামলার অন্যতম আসামি সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বেকসুর খালাস দাবি করেছেন তাঁর আইনজীবী নজরুল ইসলাম। আজ বুধবার ঢাকা দ্রুত বিচার আদালত-১-এ তদন্তের ওপর চলা যুক্তিতর্কের শেষ দিনে বাবরের আইনজীবী এই দাবি করেন।
তবে বিচারকাজ শেষে এজলাসের বাইরে রাষ্ট্রপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, তাঁর এই দাবি ধোপে টেকে না। তিনি মামলার সব আসামির সর্বোচ্চ সাজা দাবি করেন।
ঢাকার নাজিমুদ্দিন রোডের পুরোনো কেন্দ্রীয় কারাগারের পাশে স্থাপিত বিশেষ এজলাসে দুপুর ১২টার দিকে আসামি বাবরের পক্ষে সপ্তম দিনের মতো যুক্তি উপস্থাপন করেন আইনজীবী নজরুল ইসলাম। শেষে বিচারক শাহেদ নুর উদ্দীন আগামী ৪ ও ৫ সেপ্টেম্বর মামলার আইনি বিষয়ের ওপর যুক্তিতর্ক অনুষ্ঠানের দিন ধার্য করেন। এতে শুরুতে আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করবেন তাঁদের আইনজীবীরা। সবশেষে যুক্তি উপস্থাপন করবেন সরকারপক্ষের আইনজীবী। এরপর বিচারক মামলার রায় ঘোষণার দিন ধার্য করবেন।
এ সময় বিচারক শাহেদ নুর উদ্দীন বলেন, ‘এই মামলায় দীর্ঘ পথ পাড়ি দিয়ে, বহু চড়াই-উতরাই পার হয়ে আজকের এই অবস্থানে এসেছি। সবার সহযোগিতা নিয়ে মামলাটিকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি। সবার সুবিধা-অসুবিধা জানার চেষ্টা করেছি। আমার ওপর যে দায়িত্ব আছে, তা আমি পুঙ্খানুপুঙ্খভাবে পালনের চেষ্টা করেছি।’
যুক্তিতর্কে বাবরের আইনজীবী নজরুল ইসলাম বলেন, প্রতিরক্ষা গোয়েন্দা অধিদপ্তরের (ডিজিএফআই) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল সাদিক হাসান রুমি কোনো ঘটনার সঙ্গে সম্পৃক্ত ছিলেন না। তিনি অন্যের কাছে শোনা কথার ওপর ভিত্তি করে দেওয়া জবানবন্দিতে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরকে অভিযুক্ত করেছেন। এ বিষয়ে সিআইডি কর্মকর্তা কাহার আখন্দের তদন্তও সঠিক নয়। তিনি বাবরকে হাওয়া ভবন ও আবদুস সালাম পিন্টুর বাড়িতে প্রবেশ করিয়ে দিয়েছেন। কিন্তু তদন্তে তা প্রমাণিত নয়।
বাবরকে নির্দোষ দাবি করে নজরুল ইসলাম বলেন, ‘পুরো মামলায় বাবরের সঙ্গে বিস্ফোরকের কোনো সম্পৃক্ততা পাওয়া যায় না। আইনজীবী হিসেবে আমি যা দেখেছি, তাতে বাবরের বিরুদ্ধে কোনো অভিযোগ প্রমাণিত হয় না। তাই আমি এই মামলায় তাঁর বেকসুর খালাস দাবি করছি।’
পরে এজলাসের বাইরে সরকারপক্ষের আইনজীবী সৈয়দ রেজাউর রহমান বলেন, ‘বাবর অপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিলেন। তিনি পরিকল্পনা বাস্তবায়নকারী অপরাধীদের প্রশাসনিক সহায়তা দিয়েছেন। গ্রেনেড হামলা করে ২২ জন মানুষকে মেরে ফেলা হয়েছে। এভাবে মানুষ মারার ইতিহাস কোনো গণতান্ত্রিক দেশে নেই। ঘটনা ঘটেছে বাবর সাহেবের অফিস থেকে মাত্র কয়েক শ গজ দূরে। অথচ তিনি ঘটনাস্থলে যাননি। তিনি হাওয়া ভবনে তারেক রহমান, হারিছ চৌধুরী আর কায়কোবাদের সঙ্গে বৈঠক করে প্রশাসনিক সহায়তা দেওয়ার আশ্বাস দিয়েছিলেন। তিনি রাষ্ট্রীয় ক্ষমতার অপব্যবহার করেছেন।’
২০০৪ সালের ২১ আগস্ট রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে দলটির সমাবেশ চলাকালে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আইভি রহমানসহ ২২ জন নিহত হন। এ হামলায় আওয়ামী লীগের দলীয় সভাপতি ও সেই সময়ের বিরোধীদলীয় নেতা শেখ হাসিনাসহ দলের কয়েক শ নেতা-কর্মী গুরুতর আহত হন। এই মামলার অন্যতম আসামি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, শিক্ষা উপমন্ত্রী আবদুস সালাম পিন্টুসহ আরও অনেকে।