বাবরের রিমান্ড-সংক্রান্ত রিটের ওপর হাইকোর্টের আদেশ কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরকে রিমান্ডে নেওয়ার আবেদনের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের ওপর কাল বৃহস্পতিবার আদেশ দেবেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি নাজমুন আরা সুলতানা ও বিচারপতি মো. রইস উদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ আদেশের এই দিন নির্ধারণ করেন।জানা যায়, গত ৭ ফেব্রুয়ারি বাবরের পক্ষে তাঁর স্ত্রী তাহমিনা জামান আবেদনকারী হয়ে হাইকোর্টে এ রিট দায়ের করেন। রিটে প্রয়োজনে বাবরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ করার নির্দেশনা চাওয়া হয়েছে। কিবরিয়া হত্যা মামলায় গত ২৮ জানুয়ারি বাবরকে গ্রেপ্তার দেখানো হয়। ওই দিন সিআইডির সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম বিচারিক আদালতে বাবরকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন জানান।গতকাল আদালতে সরকারপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম এবং বাবরের পক্ষে আইনজীবী ছিলেন রফিক-উল হক ও মাহবুব উদ্দিন। শুনানিতে বাবরের আইনজীবীরা বলেন, একাধিক মামলায় বাবরকে ১১ বার রিমান্ডে নেওয়া হয়েছে। তাঁর শারীরিক অবস্থা ভালো নয়। প্রয়োজনে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশনা দেওয়া যেতে পারে।এর বিরোধিতা করে অ্যাটর্নি জেনারেল বলেন, তদন্তকারী কর্মকর্তাই নির্ধারণ করবেন যে কোথায় তাঁকে জিজ্ঞাসাবাদ করা হবে। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত আদেশের দিন নির্ধারণ করেন। জানা যায়, ২০০৫ সালের ২৭ জানুয়ারি হবিগঞ্জের বৈদ্যের বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে স্থানীয় আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলায় আওয়ামী লীগের নেতা ও সাবেক অর্থমন্ত্রী কিবরিয়া নিহত হন।