১০ ট্রাক অস্ত্র আটক মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের করা রিমান্ড স্থগিতের আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে শুনানির পর চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ মাহাবুবুর রহমান এই আদেশ দেন। গত সোমবার একই আদালত এ মামলায় বাবরের পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।আদালত সূত্র জানায়, বাবরের আইনজীবীরা সোমবার তাঁর চিকিৎসা-সংক্রান্ত শুনানি নিষ্পত্তির আবেদন করেন। সোমবার রিমান্ড মঞ্জুরের আদেশের কয়েক মিনিট পর তাঁরা এই রিমান্ড স্থগিতের আবেদন করেন। আইনজীবীরা ওই সময় বলেছিলেন, ‘বাবর অসুস্থ। তাঁর চিকিৎসা আগে করাতে হবে। এ জন্য রিমান্ড ১৫ দিনের জন্য স্থগিত রাখা প্রয়োজন।’ গতকাল এ বিষয়ে শুনানির পর আদালত আবেদনটি খারিজ করেন।শুনানিতে অংশ নিয়ে বাবরের আইনজীবীরা বলেন, ‘সাবেক প্রতিমন্ত্রীর নাক দিয়ে রক্ত ঝরছে। তিনি গুরুতর অসুস্থ। রিমান্ড যেহেতু মঞ্জুর হয়েছে, এ বিষয়ে আমরা কিছু বলতে চাই না। তবে এই রিমান্ড ১৫ দিনের জন্য স্থগিত রাখতে আমাদের আবেদন, যাতে আমরা উচ্চ আদালতে যেতে পারি।’বাবরের আইনজীবীদের বক্তব্যের পর চট্টগ্রাম মহানগর আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) কামালউদ্দিন আহম্মদ বক্তব্য দেন। একপর্যায়ে উভয় পক্ষের আইনজীবীরা বিতর্কে জড়িয়ে পড়লে আদালত শুনানি ১০ মিনিটের জন্য স্থগিত রাখেন। পরে আবার শুনানি হয়। আদালত উভয় পক্ষের যুক্তিতর্ক শুনে আসামির আবেদন খারিজ করেন।পিপি কামালউদ্দিন আহম্মদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, যেই আদালত রিমান্ড মঞ্জুর করেন, সেই আদালতে কী করে রিমান্ড স্থগিতের আবেদন জানানো হয়?সূত্র জানায়, ২০০৪ সালের ১ এপ্রিল রাতে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার (সিইউএফএল) জেটিঘাট থেকে ১০ ট্রাক অস্ত্র আটক করা হয়। গত ৩ অক্টোবর বাবরকে এই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।