বাবরের সুচিকিৎসা নিশ্চিত করার দাবি পরিবারের
কারাবন্দী সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুত্ফুজ্জামান বাবরের শারীরিক অবস্থার ক্রমাবনতি হচ্ছে। তাই তাঁকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বিদেশে উন্নত চিকিৎসার ব্যবস্থা করার জন্য পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে।বাবরের চিকিৎসাসংক্রান্ত নথিপত্রে দেখা যায়, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) মেডিকেল বোর্ড এক বছর আগেই বাবরকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর সুপারিশ করে। গত বছরের ১ ফেব্রুয়ারি মেডিকেল বোর্ড গঠন করা হয়। ৫ ফেব্রুয়ারি দেওয়া মেডিকেল বোর্ডের প্রতিবেদনে বাবরের তীব্র শ্বাসকষ্ট, অস্বাভাবিকভাবে ওজন কমে যাওয়া, মারাত্মক অনিয়ন্ত্রিত উচ্চরক্তচাপসহ ১১টি শারীরিক সমস্যা চিহ্নিত করা হয়।বিএসএমএমইউর উপাচার্য প্রাণ গোপাল দত্ত, এ বি এম আবদুল্লাহ, প্রজেশ কুমার রায়, মো. সাইফুদ্দিন, এম ইদ্রিস আলী, মো. মঈনুজ্জামান, মুহাম্মদ রফিকুল আলম ও মুজিবুর রহমান হাওলাদার এই মেডিকেল বোর্ডের সদস্য ছিলেন।২০০৭ সালের ২৮ মে তত্ত্বাবধায়ক সরকারের আমলে যৌথ বাহিনী বাবরকে গ্রেপ্তার করে। তখন তাঁর বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখার দায়ে মামলা হয়। এরপর ৩০ অক্টোবর ঢাকার বিশেষ ট্রাইব্যুনাল এ মামলার রায়ে বাবরকে ১৭ বছর কারাদণ্ড দেন। বসুন্ধরা গ্রুপের টেলিযোগাযোগ শাখার পরিচালক হুমায়ুন কবির সাব্বির হত্যা মামলা থেকে আসামিদের নাম প্রত্যাহারের জন্য বসুন্ধরা গ্রুপের কাছ থেকে ২০ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে বাবরের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। দুর্নীতি দমন কমিশনের করা একটি মামলারও তিনি আসামি। অবশ্য এসব মামলায় তিনি হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন। এরই মধ্যে তাঁকে ২১ আগস্ট গ্রেনেড হামলা মামলা, হবিগঞ্জে সাবেক অর্থমন্ত্রী শাহ্ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।বাবরের পারিবারিক সূত্র জানায়, তাঁকে গত তিন বছরে বিভিন্ন মামলায় অন্তত ৪০ দিন রিমান্ডে রেখে জিজ্ঞাসাবাদ এবং শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয়েছে।অবশ্য সিআইডির সংশ্লিষ্ট কর্মকর্তারা দাবি করেন, বিভিন্ন আলোচিত মামলার তদন্তের স্বার্থে বাবরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বাবরের স্ত্রী তাহমিনা জামান ইতিমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন করে বাবরের সুচিকিৎসার জন্য কোনো ভালো হাসপাতালে ভর্তি করার দাবি জানিয়েছেন। বাবরের চিকিৎসার বিষয়ে মেডিকেল বোর্ডের সুপারিশ বাস্তবায়ন সম্পর্কে রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলমের কাছে জানতে চাইলে তিনি বলেন, মেডিকেল বোর্ডের এ সংক্রান্ত কোনো কাগজপত্র তাঁর হাতে আসেনি। কাগজপত্র না দেখে কোনো মন্তব্য করা ঠিক হবে না।