বাবলু যা করলেন, যা বললেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জিয়াউদ্দিন বাবলু
জিয়াউদ্দিন বাবলু

দুপুরে এক অনুষ্ঠানে জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য জিএম কাদের সরকারের এবং সরকারের প্রতি অতি অনুগত জাপা নেতাদের সমালোচনা করায় বেজায় গোস্সা হয়েছিলেন জাপার মহাসচিব জিয়াউদ্দিন বাবলু। তিনি এতটাই রেগে গিয়েছিলেন যে, রীতিমতো

মঞ্চ থেকে উঠে চলে গিয়েছিলেন। তাঁকে অনেক চেষ্টা করেও মঞ্চে ফেরানো যায়নি।

সেই বাবলুকে বিকেলে নাটকীয়ভাবে জাতীয় সংসদের অধিবেশনে সরকারের বিরুদ্ধে সমালোচনার ঝড় তুলতে দেখা গেছে। তাঁর ভাষায়, এই সরকারের ব্যর্থতার কারণে দেশে নিরাপত্তা, সুশাসন বলে কিছু নেই। দুর্নীতিবাজরা দেশের টাকা সব পাচার করে দিচ্ছে। তা ঠেকাতে সরকার ব্যর্থ হচ্ছে।

প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে জিয়াউদ্দিন বলেন, ‘এ দেশে আমার নিরাপত্তা নেই, কোনো রাজনীতিবিদের নিরাপত্তা নেই। ১৬ কোটি মানুষের নিরাপত্তা থাকবে কীভাবে?’

সুশাসনের নামে যা চলছে তার দৃষ্টান্ত তুলে ধরে তিনি প্রশ্ন রেখে বলেন, ‘নারায়ণগঞ্জ, ফেনী, মিরপুরে যা ঘটেছে, তা কি সুশাসন? ছাত্রলীগের সাবেক সভাপতি নিজ কার্যালয়ে যাওয়ার পথে গুলিবিদ্ধ হয়েছেন, এটাই কি সুশাসন?’

দেশের অর্থনীতি, অর্থমন্ত্রী ও পুঁজিবাজারের ওপর মানুষের আস্থা নেই—এ কথা উল্লেখ করে জিয়াউদ্দিন বাবলু বলেন, ‘হল-মার্ক, ডেসটিনি, বেসিক ব্যাংক ও সোনালী ব্যাংকে যে লুটপাট হয়েছে, তা দেখার দায়িত্ব কার? অর্থমন্ত্রী হল-মার্কের লুট করা চার হাজার কোটি টাকাকে বেশি টাকা বলতে রাজি নন।’
জিয়াউদ্দিন প্রশ্ন রাখেন, ‘তাহলে এই টাকা কি আপনার? এটা জনগণের টাকা।’ এটা উদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।

সুইস ব্যাংকে তিন হাজার কোটি টাকা জমা হওয়া প্রসঙ্গে এই জাপা নেতা বলেন, ‘এই টাকা কি ঘুষের টাকা, কালোটাকা, দুর্নীতির টাকা না হল-মার্কের টাকা, তা আমরা জানি না। কিন্তু এই টাকা বাইরে যাওয়া ঠেকানোর দায়িত্ব ছিল বর্তমান সরকারের। সেই দায়িত্ব সরকার পালন করতে পারেনি।’ তিনি আরও বলেন, আইন অনুযায়ী বাংলাদেশের নাগরিক বিদেশে ব্যাংক হিসাব খুলতে পারে না। তাহলে এই বিপুল টাকা কীভাবে সুইস ব্যাংকে গেল, তা খুঁজে বের করার দাবি জানান তিনি।

শিক্ষার প্রসার হচ্ছে, মর্মে সরকারের দাবি প্রসঙ্গে জিয়াউদ্দিন বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল প্রাচ্যের অক্সফোর্ড, সেন্টার অব এক্সেলেন্স। কিন্তু আজ কি সেই সুনাম ও গ্রহণযোগ্যতা আছে? ডাকসুসহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রসংসদ নির্বাচন আয়োজনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে তিনি বলেন, ছাত্রসংসদ না থাকায় নেতা বা রাজনীতিসচেতন মানুষ তৈরি হচ্ছে না।


হাসিনা দেখিয়েছেন কীভাবে বিদেশিদের উপেক্ষা করতে হয়

আলোচনায় অংশ নিয়ে খালেদা জিয়ার নাম উল্লেখ না করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, ‘বিদেশি প্রভুদের সমর্থনে উনার গলার আওয়াজ একটু বেড়েছে। কিন্তু শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন কীভাবে বিদেশি প্রভুদের কথা উপেক্ষা করে এগিয়ে যেতে হয়।’ খালেদা জিয়াকে ‘লম্বা কথা’ না বলার পরামর্শ দিয়ে তিনি বলেন, ‘২৯ ডিসেম্বরের মতো কাজের লোক নিয়ে বাড়ির সামনে দাঁড়িয়ে হম্বিতম্বি করতে হবে।’
আইনের শাসন প্রতিষ্ঠার ওপর গুরুত্ব দিয়ে পর্যটনমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জ, ফেনী ও মিরপুরের ঘটনায় জনমনে অস্বস্তি বিরাজ করছে। গুম, খুন, অপহরণ ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনায় আইনের শাসন প্রশ্নবিদ্ধ হয়েছে।

দেশে ২৯টি জঙ্গি সংগঠন সক্রিয় থাকার কথা উল্লেখ করে মেনন বলেন, কওমি মাদ্রাসার কোমল শিশুদের ব্যবহার করা হচ্ছে। মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে রায় স্থগিত হওয়ায় সাধারণ মানুষের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়েছে বলে উল্লেখ করেন মেনন। তিনি বলেন, ৬০ দিনের মধ্যে যুদ্ধাপরাধীদের আপিলের রায় নিষ্পত্তির কথা থাকলেও ছয় মাস বা এক বছর সময় লাগছে।
নিজের ভাবমূর্তি ক্ষুণ্ন হওয়ার মতো খবর প্রকাশ করায় ক্ষোভ প্রকাশ করে চিফ হুইপ আ স ম ফিরোজ বলেন, ৩৫ বছর রাজনীতি করেন। তিনি কেমন লোক তা এলাকায় খোঁজ নিলে জানা যাবে।


খালেদা অপেক্ষার যন্ত্রণা সহ্য করতে পারছেন না

মাইন উদ্দিন খান বাদল বলেন, খালেদা জিয়া অপেক্ষার যন্ত্রণা সহ্য করতে পারছেন না। তিনি অক্ষমের আস্ফাালন করছেন, বলে উল্লেখ করেন ওই সাংসদ। অর্থমন্ত্রীর উদ্দেশে তিনি বলেন, ‘এত টাকা খরচ করে উড়ালসেতুসহ অনেক বড় প্রকল্প করছেন। কিন্তু ফুটপাত করছেন না। অথচ ৭০ ভাগ মানুষ হেঁটে চলাচল করে।’ তাদের জন্য ফুটপাত তৈরি ও তা রক্ষা করার বদলে সরকার গাড়িতে চড়া তিন শতাংশ মানুষের জন্য সব পরিকল্পনা করছে বলে অভিযোগ করেন তিনি।
বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ, শামসুল হক টুকু, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, আতিউর রহমান, এস এম মোস্তফা রশিদী সুজা, সাইফুজ্জামান চৌধুরী, নজরুল ইসলাম বাবু, সিমিন হোসেন রিমি প্রমুখ।