বাবলু হেমব্রমের খুনিদের শাস্তির দাবিতে মানববন্ধন
আদিবাসী ছাত্রনেতা বাবলু হেমব্রমের হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার ও শাস্তির দাবিতে গতকাল শনিবার রাজশাহীর তানোর উপজেলার মুণ্ডুমালা মোড়ে ও চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন আদিবাসীরা।
আদিবাসী মুক্তিমোর্চা, পারগানা পরিষদ, দিঘরী পরিষদ ও নিহত বাবলু হেমব্রমের গ্রামে আদিবাসীদের ক্লাব প্রত্যাশা মুণ্ডুমালা মোড়ে এ কর্মসূচির আয়োজন করে। দুপুর ১২টা থেকে এক ঘণ্টার এ মানববন্ধনে বক্তব্য দেন আদিবাসী মুক্তিমোর্চার সভাপতি যোগেন্দ্রনাথ সরেন, সাধারণ সম্পাদক যাকারিয়াস ডুমরী, উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিঙ্গু মুরমু, আদিবাসী নেতা কর্নেলিউস মুরমু, আদিবাসী নেতা উত্তম কুমার বর্মণ প্রমুখ।
একই সময় নাচোলে আদিবাসী ছাত্রপরিষদের উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এতে বক্তব্য দেন ছাত্রনেতা দিলীপ পাহান, প্রতিলাল পাহান, টুনু পাহান, তরুণ ওরাওঁ, ধীরেন্দ্রনাথ বারোয়ার প্রমুখ।
বক্তারা বাবলু হেমব্রমের নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করে বলেন, অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তার করা না হলে বৃহত্তর কর্মসূচি গ্রহণ করা হবে।