কক্সবাজার-৩ (রামু-কক্সবাজার সদর) আসনে মহাজোটের প্রার্থী হিসেবে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর মনোনয়ন পাওয়ার খবরে আওয়ামী লীগের সাংসদ সাইমুম সরওয়ার কমলের সমর্থকেরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। গতকাল রোববার জেলা শহর ও রামুর বিভিন্ন স্থানে কলাগাছ রোপণ করে বিক্ষোভ করেছেন কর্মী-সমর্থকেরা।
দলীয় সূত্রে জানা গেছে, জিয়াউদ্দিন আহমেদ বাবলু চট্টগ্রাম-৯ আসনের সাংসদ। তাঁর আসনে মনোনয়ন দেওয়া হয়েছে চট্টগ্রামের সাবেক মেয়র মরহুম এ বি এম মহিউদ্দিন চৌধুরীর ছেলে ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী নওফেলকে।
এদিকে এই আসনে আওয়ামী লীগের বর্তমান সাংসদ কমল মনোনয়ন পাচ্ছেন—এ ব্যাপারে দলের নেতা-কর্মীরা গত শনিবার পর্যন্ত নিশ্চিত ছিলেন। এ আসনে নৌকার মাঝি হতে দলীয় ফরম জমা দিয়েছিলেন ২৭ জন নেতা। এর মধ্যে সাংসদ কমলের আপন বড় ভাই সোহেল সরওয়ার কাজল ও ছোট বোন নাজনীন সরওয়ার কাবেরীও ছিলেন। সোহেল সরওয়ার রামু উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং কাবেরী জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ছিলেন। তাঁরা কেউই মনোনয়ন না পাওয়ায় দলের নেতা-কর্মীরা ক্ষুব্ধ।
গতকাল বিকেলে কমল সমর্থকেরা কক্সবাজার শহরের প্রধান সড়ক, রামু ও ঈদগাঁও সড়কের কয়েকটি অংশে কলাগাছ রোপণ করে বিক্ষোভ প্রদর্শন করেছেন। এ সময় বিক্ষুব্ধ লোকজন কমলকে মনোনয়ন দেওয়া না হলে নির্বাচন প্রতিহত করার ঘোষণা দেন। সন্ধ্যায় শহরের প্রধান সড়কের ঝাউতলা এলাকায় সড়কের পাশের বিদ্যুৎ খুঁটিতে কিছু লোককে কলাগাছ বেঁধে দিতে দেখা গেছে।
দলের মনোনয়ন হাতছাড়া হয়ে যাওয়ার খবরটি আগেই জেনেছেন সাংসদ সাইমুম সরওয়ার কমল। গত শনিবার রাতে তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। স্ট্যাটাসে তিনি লেখেন, ‘আবারও মনোনয়ন দৌড়ে পিছিয়ে যাচ্ছি। আমার ভাগ্য খারাপ।’
প্রথম আলোকে কমল বলেন, ‘গত ৫ বছরে শত শত মানুষের ঘর বেঁধে দিয়েছি। ৮ হাজারের বেশি মানুষকে চাকরি দিয়েছি। মসজিদ, মন্দির, রাস্তা ও সেতু উন্নয়নে কাজ করেছি।’
তবে কমলের মনোনয়ন না পাওয়ার বিষয় নিয়ে দলে ভিন্নমতও রয়েছে। রামু উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামশুল আলম মন্ডল বলেন, সংখ্যালঘু প্রবীণ শিক্ষককে মারধর, জামায়াত-বিএনপির নেতা-কর্মীদের লালন–পালন, দলীয় নেতা-কর্মীদের অবমূল্যায়ন, উন্নয়ন কর্মকাণ্ডের নামে লুটপাটের দায়ে সাংসদ কমলকে এবার দলীয় মনোনয়ন থেকে বাদ দেওয়া হয়েছে। এ জন্য দলের নেতা-কর্মীরা খুশি। সর্বশেষ গত ২১ নভেম্বর জেলা জামায়াতের সেক্রেটারি জি এম রহিমুল্লাহর নামাজে জানাজায় বক্তৃতা দিতে গিয়ে তিনি জামায়াত নেতার নামে সড়কের নামকরণ ও পরিবারকে জমি দেওয়ার ঘোষণা দেন।
কক্সবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মফিজুর রহমান প্রথম আলোকে বলেন, কক্সবাজার–৩ আসনটি মহাজোটের শরিক হিসেবে জাতীয় পার্টির জন্য বরাদ্দ হয়েছে। এই আসনে কে প্রার্থী হবেন তা নিয়ে দলের বৈঠক চলছে।
আওয়ামী লীগের দলীয় সূত্র জানায়, ২০১৫ সালের নির্বাচনে দলের মনোনয়ন পেয়েছিলেন কানিজ ফাতেমা আহমেদ। তিনি জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি। কিন্তু কয়েক হাজার টাকার বিদ্যুৎ বিল বকেয়া থাকায় তাঁর মনোনয়নপত্র বাতিল হয়। পরে দলের বিদ্রোহী প্রার্থী সাইমুম সরওয়ারকে দলীয় মনোনয়ন দেওয়া হয়। এরপর তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাংসদ নির্বাচিত হন।