বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবার কোলে সন্তান।
বাবার কোলে সন্তান।

‘বাবা’—দুই অক্ষরের শব্দটি কি শুধু একটা জৈবিক সম্পর্ক নির্দেশ করে? নিঃসন্দেহে না। তিনি কেবল জন্মদাতাই নন; বাবা আর সন্তানের এই সম্পর্ক বহুমাত্রিক: গভীর এক ভালোবাসায় জড়ানো, শ্রদ্ধা, কখনোবা ভয় আর পারস্পরিক আস্থার এক সম্পর্ক। এক পরম নির্ভরতার প্রতীক হচ্ছেন বাবা। এমনই একজন যাঁকে সংজ্ঞায়িত করা আসলেই বেশ কঠিন।

বাবাকে নিয়ে নাম না–জানা এক কবির লেখা অনেক পুরোনো একটা কবিতা (ইংরেজি থেকে অনূদিত) :
ঈশ্বর পাহাড় থেকে শক্তি নিলেন
নিলেন—বৃক্ষের মহিমা,
গ্রীষ্মের সূর্যের উষ্ণতা,
শান্ত সমুদ্রের নিস্তব্ধতা,
প্রকৃতির অপার উদারতা,
রাতের প্রশান্তি,
সহস্রাব্দের জ্ঞান,
উড়ন্ত ইগলের পরাক্রম,
বসন্তের ভোরের স্নিগ্ধতা,
সরিষার বীজের বিশ্বস্ততা,
অসীম ধৈর্য—
আর এই সবকিছু এক করে
ঈশ্বর তৈরি করলেন
অনন্য এক শিল্পকর্ম
যার নাম রাখলেন তিনি—‘বাবা’।


প্রখ্যাত মার্কিন রম্য লেখক ও কলামিস্ট এরমা বোম্বেক ‘সৃষ্টিকর্তা যখন বাবা তৈরি করলেন’ শিরোনামে একটি কলামে অত্যন্ত হৃদয়গ্রাহী করে বাবাকে উপস্থাপন করেছেন:
একটা দীর্ঘ ফ্রেমের মধ্যে সৃষ্টিকর্তা বাবা তৈরি করার কাজে হাত দেন। ফেরেশতা তখন জানতে চাইলেন, ‘এ কেমনতর বাবা? আপনি যখন সন্তানদের তৈরি করেছেন একদম মাটির কাছাকাছি, বাবাদের তবে কেন এত উঁচু করে বানাচ্ছেন? তারা তো তাহলে হাঁটু গেড়ে না বসে সন্তানের সঙ্গে খেলতে পারবে না; শরীর বাঁকা না করে শিশুকে বিছানায় শোয়াতে পারবে না, নত না হয়ে চুম্বন করতে পারবে না তার আদরের সন্তানকে।’
মুচকি হেসে সৃষ্টিকর্তা বললেন, ‘ঠিক আছে, কিন্তু আমি যদি বাবাকে শিশুর মতো ক্ষুদ্রাকৃতি করে তৈরি করি তবে শিশুরা কার মতো হতে চাইবে?’


বাবার হাত দুটো স্রষ্টা বেশ বড় করে বানালেন। মাথা ঝাঁকাতে ঝাঁকাতে ফেরেশতা বলে উঠলেন, এত বড় হাত দিয়ে ছোট্ট শিশুর জামার বোতাম লাগানো, তার ঝুঁটি রাবার ব্যান্ড দিয়ে আটকানো অথবা চোখের ভেতরে হঠাৎ করে উড়ে এসে পড়া ধূলিকণা পরিষ্কার করা কষ্টসাধ্য হবে।’


আবারও মৃদু হেসে স্রষ্টা বললেন, ‘আমি জানি, তবে হাত দুটো ঠিক ততটুকুই যাতে করে তিনি তার সন্তানের প্রিয় মুখটা পরম মমতায় ধরতে পারেন।’
এরপর স্রষ্টা বাবার একহারা লম্বা পা আর চওড়া কাঁধ তৈরি করলেন। ফেরেশতা এ সময় বলে উঠলেন, ‘কোল কোথায়?’
স্রষ্টার জবাব, ‘মায়ের থাকবে মমতাময়ী কোল। বাবার প্রয়োজন শক্তিশালী কাঁধের, যাতে করে ক্লান্ত সন্তান সেখানে মাথা রেখে নিশ্চিন্তে ঘুমাতে পারে। তার ছোট্ট খেলনা গাড়িটা টেনে নিয়ে যেতে পারেন মাইলের পর মাইল, আঁকাবাঁকা বন্ধুর পথে যেন বজায় থাকে সন্তানের ভারসাম্য।’


পায়ের পাতার আকৃতি দেখে ভিরমি খাওয়ার অবস্থা ফেরেশতার। এত বিশাল পা কেউ দেখেনি আগে! এ মাপের জুতো কোথায়? নিজের কৌতূহল সংবরণ করতে না পেরে জানতে চাইলেন এর কারণ। ধির-স্থির স্রষ্টার জবাব, ‘সন্তানের জন্য মাইলের পর মাইল হাঁটবেন একজন পিতা, দিনের পর দিন থাকবেন দাঁড়িয়ে। তাঁর জুতো দেখে সন্তান যেন এই শিক্ষা পায়, এটি পরিপূর্ণ করা বেশ কষ্টসাধ্য।’
সারা রাত ধরে কাজ করে গেলেন সৃষ্টিকর্তা। বাবাকে দিলেন ভাষা আর সঙ্গে গম্ভীর, কর্তৃত্বপরায়ণ এক কণ্ঠস্বর; একজোড়া শান্ত, স্থির চোখ, যা দেখবে সবকিছু। সবশেষে তিনি যোগ করলেন অশ্রু। তারপর ফেরেশতার দিকে তাকিয়ে বললেন, ‘এখন নিশ্চয়ই তুমি খুশি। একজন বাবা তার সন্তানকে ভালোবাসতে পারবেন মায়ের মতো করে।’

ফেরেশতা নীরবে তাকিয়ে রইলেন ‘বাবা’র দিকে।

বাবাকে নিয়ে নিজের কিছু অনুভূতি:
বাবা মানে মাথার ওপরে
অদৃশ্য এক ছায়া;
তপ্ত দুপুরে, কাঠফাটা রোদে
হিমশীতল এক মায়া।
বাবা মানে নীরবে–নিভৃতে
কষ্ট সয়ে যাওয়া;
নিজেকে বিলীন করে
যেন তাঁর সব পাওয়া।
বাবা মানে চওড়া এক কাঁধ
সবশেষ ভরসা।
অন্ধকার সুড়ঙ্গের শেষে
আলোর সে দিশা।

জুন মাসের তৃতীয় রোববার বিশ্বের অনেক দেশে পালিত হয় বাবা দিবস। এই দিবসটি ঘিরে কিছু অসংলগ্ন ভাবনা:

১.
একটি ধী-গোষ্ঠী (school of thought) মনে করেন, বাবা কিংবা মা অথবা ভালোবাসা এসবের জন্য আবার বিশেষ কোনো দিবসের প্রয়োজন কী? যত সব আদিখ্যেতা! হয়তো সঠিক। তবে থাকলেই–বা ক্ষতি কী? এমন তো না যে, একটা দিন বিশেষভাবে পালন করলে বাকি দিনগুলো অপাঙ্‌ক্তেয় হয়ে গেল! মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে?

২.
আরেক দল আছেন যাঁরা প্রথাবিরোধী: অ্যান্টিস্যোশাল বা অ্যান্টিএস্টাবলিশমেন্ট। তাঁরা সবকিছুতেই বাণিজ্যের গন্ধ পান! তাঁদের মতে, এসব দিবসের নামে আসলে মানুষের পকেট কাটার যত সব ফন্দি! উপহার বিক্রির বাহানা! বাণিজ্য তো বৈধ, তাই না? পবিত্র কোরআনের সুরা বাকারায় বলা হয়েছে, ‘আল্লাহ ব্যবসাকে করেছেন হালাল আর সুদকে করেছেন হারাম!’ কিংবা বহুল প্রচলিত সেই উক্তি: ‘বাণিজ্যে বসতে লক্ষ্মী!’

৩.
অনেক সময় সমালোচনা করতে গিয়ে আমরা ঐতিহাসিক প্রেক্ষাপটটা ভুলে যাই। বাবা দিবস পালনের রয়েছে এক সুদীর্ঘ ইতিহাস। ১৪ শতকের শেষে অথবা ১৫ শতকের শুরু থেকে যিশুখ্রিষ্টের পার্থিব পিতা (putative father) সেন্ট জোসেফের মৃত্যু দিবস ১৯ মার্চ প্রথম বাবা দিবস হিসেবে পালন করা শুরু হয় ইউরোপে। তারপর দীর্ঘ পথপরিক্রমায় ১৯৬৬ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট জনসন জুন মাসের তৃতীয় রোববারকে বাবা দিবস হিসেবে স্বীকৃতি দেন। পরে ১৯৭২ সালে প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন এ সংশ্লিষ্ট আইনে স্বাক্ষর করেন।
পরিশেষে, বিশ্বের সব বাবার জন্য একরাশ শুভেচ্ছা, শ্রদ্ধা আর ভালোবাসা।

* বহুজাতিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে কর্মরত, লালমাটিয়া, ঢাকা। [email protected]