বাবা অসুস্থ, তবু শোনেনি পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরামত আলীর বয়স ৭০। ২০১৬ সালে দ্বিতীয়বারের মতো মস্তিষ্কে রক্তক্ষরণ হলে বাড়ি থেকে বের হওয়া একরকম ছেড়েই দিয়েছিলেন। গ্রেপ্তার করতে পুলিশের তাই কষ্ট করতে হয়নি-এ বক্তব্য তাঁর ছেলে কামরুল হাসানের।

বাবার সঙ্গে দেখা করতে গতকাল শনিবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে এসেছিলেন কামরুল। আদালত চত্বরে কথা হয় তাঁর সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, শুক্রবার রাত ১০টার দিকে মোহাম্মদপুর থানার পুলিশ তাঁদের কাটাসুরের বাসায় যায়। পুলিশকে তাঁর বাবা বলেছিলেন, তিনি অসুস্থ। তা ছাড়া আদালত থেকে আগাম জামিনও নেওয়া আছে। এরপরও পুলিশ শোনেনি।

কামরুল জানান, তাঁরা বাবা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। সেটিও প্রায় ২০ বছর আগের কথা। এরপরও ২০১৫ সালে একসঙ্গে চারটি মামলার আসামি করা হয় তাঁর বাবাকে। মামলার অভিযোগ যে সময়ের, সে সময় তিনি হজে ছিলেন। মামলাগুলো বেআইনি সমাবেশ, হামলা, ভাঙচুর ও সরকারি কাজে বাধা দেওয়ার।

একই রকম চিন্তায় আছেন কামরাঙ্গীরচরের সোহেল আহমেদ। তাঁর বাবার বয়সও ৭০ ছাড়িয়েছে। সোহেল জানান, তাঁর বাবা হাজি রোকনুদ্দীন একসময় প্লাস্টিকের ব্যবসা করতেন। তাঁর উচ্চ রক্তচাপ, ডায়াবেটিসসহ বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা রয়েছে। অসুস্থতা ও বয়সের কারণে ব্যবসা তাঁদের হাতে ছেড়ে দিয়েছেন। শুক্রবার রাতে মোটরসাইকেলে করে কামরাঙ্গীরচর থানার দুজন পুলিশ এই মানুষটিকে গ্রেপ্তার করে নিয়ে যায়। আদালত চত্বরের হাজতখানার সামনে যখন সোহেলের সঙ্গে কথা হচ্ছিল, তখন আশপাশে তাঁরই মতো বেশ কয়েকজন স্বজনদের আদালতে হাজির করানোর অপেক্ষায় ছিলেন।

গতকাল আদালতে হাজির করা হয় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ব্যক্তিগত দেহরক্ষী ও সাবেক স্কোয়াড্রন লিডার ওয়াহিদ-উন-নবীকে। তাঁর বিরুদ্ধে ফেসবুকে মিথ্যা, আপত্তিকর ও বানোয়াট তথ্য ছড়ানোর অভিযোগে তিনটি মামলা রয়েছে। গ্রেপ্তারের পর র‍্যাব তাঁর বিরুদ্ধে বৈধ অস্ত্র বেআইনিভাবে রাখার দায়ে আরও একটি মামলা করেছে বলে জানান র‍্যাব-২-এর অধিনায়ক আনোয়ার-উজ-জামান।

তবে ওয়াহিদ-উন-নবীর স্ত্রী ফাহিমা রহমান প্রথম আলোকে বলেন, তাঁর স্বামীর দুটি বৈধ অস্ত্র আছে, একটি শটগান ও একটি পিস্তল। শটগান ও এর লাইসেন্স তাঁর স্বামীর সঙ্গেই ছিল। পিস্তলের লাইসেন্সটা তখন সঙ্গে ছিল না।
র‍্যাব-২-এর অধিনায়ক আনোয়ার-উজ-জামান বলেন, প্রথমেই লাইসেন্স না পাওয়ার কারণে মামলা হয়েছে। এখন লাইসেন্স দেখালে মামলা তুলে নেওয়া হবে।