বাবা আসবেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মা, আমি আসছি। তোমাকে কোচিংয়ে নিয়ে যাব।’ মেয়ে সপ্তর্ষিকে মুঠোফোনে শেষ এ কথাটি বলেছিলেন আইনজীবী চন্দন সরকার। ‘এ লেভেলে’র শিক্ষার্থী সপ্তর্ষি আজও অপেক্ষায়, বাবা চন্দন সরকার তাকে এসে কোচিংয়ে নিয়ে যাবেন। বাবার অপেক্ষায় থাকা সপ্তর্ষি এখনো শেষ করতে পারেনি এ লেভেলের পড়াশোনা।

সপ্তর্ষির বোন সুস্মিতা সরকার বললেন, আমার ছোট বোন সপ্তর্ষি তখন এ লেভেলে পড়ে। ওর পরীক্ষা ছিল ১০ মে (২০১৪)। বাবার ঘটনা ওই বছরের ২৭ এপ্রিল। ওকে কোচিংয়ে নিয়ে যাওয়ার জন্য বাবা আসছিলেন। ওর (সপ্তর্ষি) সঙ্গে বাবার শেষ কথা হয়েছিল। এরপর থেকে ও সেটা ভুলতেই পারেনি। এখন পর্যন্ত সে আর এ লেভেল পাস করতে পারেনি। ওর এখনো ধারণা, বাবা ঘরে ফিরে ওকে কোচিংয়ে নিয়ে যাবেন। ওর মাথার মধ্যে আর পড়াশোনা ঢোকে না।

সাত খুন মামলার রায় ঘোষণার পর আজ সোমবার নারায়ণগঞ্জ আদালত চত্বরে প্রথম আলোকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে চন্দন সরকারের মেয়ে সুস্মিতা এসব কথা বলেন।

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম আদালতে একটি মামলায় হাজিরা দিয়ে চার সঙ্গীসহ গাড়িতে ফিরছিলেন। পথে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ফতুল্লায় তাঁরা অপহৃত হন। ওই সময় সেই পথ দিয়ে যাচ্ছিলেন আইনজীবী চন্দন সরকার। ঘটনাটি দেখে ফেলায় তাঁকে ও তাঁর গাড়িচালক ইব্রাহিমকেও তুলে নেওয়া হয়। এরপর ৩০ এপ্রিল শীতলক্ষ্যা নদী থেকে নজরুল, চন্দন সরকারসহ ছয়জনের এবং ১ মে আরেকজনের লাশ পাওয়া যায়।

সাত খুন মামলার প্রধান আসামি নূর হোসেনসহ ২৬ জনের ফাঁসির রায়ে সন্তুষ্ট সুস্মিতা। তিনি বললেন, আজ রায় হয়েছে। আমি মনে করি, এটা শুধু আমার বাবার রায় নয়, এই রায়ে সত্যের জয় হয়েছে। বাবা কিন্তু আমাদের জন্য কিছু রেখে যাননি। সে জন্য আমাদের প্রতি মুহূর্তে অনেক কষ্ট সহ্য করতে হয়। আমাদের কোনো ভাই নেই। তখন আমরা বোনেরা কেবলই পাস করেছি। আমাদের জন্য সংসার চালানো অনেক কষ্টকর ছিল। তার জন্য আমাদের কোনো দুঃখ নেই। বাবা সারা জীবন সাধারণ মানুষের জন্য কাজ করেছেন। বাবা কখনো নিজের কথা চিন্তা করতেন না। বাবা আমাকে বলতেন, ‘এই টাকাপয়সা দিয়ে মানুষের কোনো দোয়া পাব না।’ আমাদের বাসায় যে চালক আসতেন, তাঁদের বাবা নিজ হাতে খাওয়াতেন। আমাদের বাড়িতে এসেছেন আর না খেয়ে গেছেন—এমন একজনকে খুঁজে পাওয়া যাবে না। আমি বাবাকে নিয়ে গর্ব করি যে আমি তাঁর সন্তান।

বাবা অপহরণের দৃশ্য দেখে ফেলেছিলেন, এটাই ছিল তাঁর অপরাধ। এ কথা বলতে গিয়ে কেঁদে ফেলেন সুস্মিতা। কাঁদতে কাঁদতে বললেন, এটা কল্পনারও বাইরে। এটা দুঃস্বপ্নেও ভাবা যায় না। যারা আমাদের রক্ষা করবে, তাদের হাতে কেন নিরপরাধ মানুষকে জীবন দিতে হবে? দেশে অন্যায়-অপরাধ হয়। কিন্তু এ রকম কোনো বাহিনী দিয়ে আদৌ কিছু সম্ভব ছিল, এটা কোনো দিন কেউ কল্পনাও করেনি। আমার বাবাও নিশ্চয় কোনো দিন কল্পনা করেননি। কেউ তো এটা ভাবতে পারে না। চিন্তাই করা যায় না যে, যারা খুনের সঙ্গে জড়িত তারা সবাই এডুকেডেট। ভালো সোসাইটির রিপ্রেজেন্ট করে। তারা কেন এত নিচে নামবে। যারা এই খুনে জড়িত তাদের বেতন-ভাতা ভালো ছিল। তাহলে কিসের জন্য, কয় টাকার জন্য, কিসের অভাব ছিল আমার বাবার মতো নিরীহ লোককে খুন করবে?

দেশে যাতে আর কোনো দিন এমন ঘটনা না ঘটে—এমন প্রত্যাশা সুস্মিতার। তিনি বললেন, নারায়ণগঞ্জের মানুষ জানে, আমার বাবা সারা জীবন কত অনাথ মানুষের জন্য কাজ করেছেন। তিনি কোনো টাকাপয়সা রেখে যাননি। বাবা এমন যে পূজাতেও আমাদের জন্য নতুন জামাকাপড় কিনে দিতেন না। বাবাও অনেক কষ্ট করে মানুষ হয়েছেন। আমরা যখন ছোট ছিলাম, তখনো বাবা অনেককে সাহায্য করেছেন। তখন এটা দেখে মন খারাপ হতো। বাবাকে বলতাম, ‘বাবা, আমরাই তো ঠিকমতো চলতে পারি না।’ বাবা বলতেন, ‘বাবা তো সব সময় থাকে না।’ আমার বাবার মতো এমন মনমানসিকতার লোক যে আছে তা আমার মনেই হয় না। কোথাও দেখি না।

একপর্যায়ে সুস্মিতা বলেন, বাবা হারানোর স্মৃতি বলার মতো না। সারা জীবনই আমাদের এই হাহাকার থাকবে। আমাদের দুঃখ, শেষবার তাঁর কথা শুনতে পাইনি। তাঁর কী হয়েছিল? তখন তাঁর কেমন লেগেছিল? আমরা একবার তাঁর ডাকও শুনতে পারিনি। বাবার কোনো অসুখ ছিল না। আমার বাবা বাড়িতে আমার নামটা অনেক বড় করে লিখে রেখেছেন। আমি এফসিপিএস পাস করার পরের বছর এই ঘটনা। আমার এফসিপিএস পাস করাটা বাবা শেষ পর্যন্ত দেখে যেতে পারেননি। আমি সব থেকে কম বয়সে এফসিপিএস পাস করেছি। তখন আমার সঙ্গে কেউ আসেনি।

চন্দন সরকার লেখক ছিলেন এমন তথ্য জানিয়ে সুস্মিতা বললেন, আমার বাবার একটাই বার্তা, আত্মকেন্দ্রিক না হওয়া। সবার জন্য হওয়া। সবার জন্য সবাই। এটাই আমার বাবা বিশ্বাস করতেন। তা না হলে একজন অপরিচিত মানুষের জন্য কেউ জীবন দান করে, এটা ভাবা যায়? নিজের সন্তানের জন্য করেননি। আত্মীয়স্বজনের জন্যও না। একজন অপরিচিত মানুষ যাকে জীবনে তিনি চিনতেনও না। বাবা ছিলেন সিভিল ল ইয়ার। জীবনে কোনো দিন ক্রিমিনাল কেস করেননি। যাতে অন্যায়ের জন্য তাঁকে আদালতে দাঁড়াতে হয়। সেই মানুষ একজন অপরিচিত মানুষের জন্য ঝাঁপিয়ে পড়ল। এটা তো কল্পনাই করা যায় না।

চন্দন সরকারের মেয়ে সুস্মিতা আশা করেন, সবাই সবার জন্য। তাহলে কেউ একা হবে না। তাহলে কারও সঙ্গে অন্যায় হবে না। আমরা যেন এ কথা ভুলে না যাই। তাহলে আমরা সবাই নিরপরাধ থাকব।