বাবা এখন 'অনুতপ্ত'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের চকরিয়ায় তিন শিশুকন্যাকে গলা কেটে হত্যার কথা স্বীকার করে গতকাল সোমবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাবা আবদুল গণি। এর আগে গতকাল সোমবার ভোরে চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
আবদুল গণির বাড়ি চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের পূর্ব পুকুরিয়া গ্রামে। গত শুক্রবার ভোররাতে তিনি তাঁর তিন শিশুকন্যা আয়েশা ছিদ্দিকা চম্পা (১০), শিরু জান্নাত শিউলি (৯) ও শারাবান তহুরা বেলিকে (দেড় বছর) গলা কেটে হত্যা করেন।
গতকাল চকরিয়া থানায় আয়োজিত সংবাদ সম্মেলনে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম জানান, চট্টগ্রামের বায়েজিদ থানা এলাকায় অভিযান চালিয়ে বোনের বাসার পাশ থেকে আবদুল গণিকে গ্রেপ্তার করা হয়।
আবদুল গণি সাংবাদিকদের কাছে দাবি করেন, তাঁর স্ত্রী ফাতেমা বেগম এক আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়ায় ২০১২ সালে স্ত্রীর সঙ্গে তাঁর ছাড়াছাড়ি হয়ে যায়। পরে স্ত্রী ক্ষমা চাইলে তিনি তাঁকে ঘরে তুলে নেন। কিন্তু তারপরও তাঁর স্ত্রীর পরকীয়ার সম্পর্ক চলতে থাকে। ঘটনার দিন রাতেও তাঁর স্ত্রী ঘরে ছিলেন না। এ সময় তাঁর ছোট মেয়ে শারাবান তহুরা মায়ের দুধ পান করতে না পেরে কান্নাকাটি করতে থাকে। তিনি এটা সহ্য করতে না পেরে একসঙ্গে তিন মেয়েকে গলা কেটে হত্যা করেন। তিনি বলেন, ‘তিন মেয়ে খুনের ঘটনায় আমি এখন অনুতপ্ত’। এর আগে আবদুল গণির স্ত্রী ফাতেমা বেগম দাবি করেছিলেন, আবদুল গণি তাঁর এক আত্মীয়ের সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়লে তাঁদের মধ্যে দাম্পত্য কলহ সৃষ্টি হয়।
চকরিয়া থানার ওসি প্রভাষ চন্দ্র ধর প্রথম আলোকে জানান, নিজ হাতে তিন মেয়েকে হত্যার কথা স্বীকার করে গতকাল দুপুরে চকরিয়ার জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন আবদুল গণি। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।