ঈদ শেষে বাড়ি ফেরার পথে কর্ণফুলীতে নৌকাডুবিতে নিখোঁজ বাবা ও ছেলেমেয়ের লাশ পাওয়া গেছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে আটটার দিকে নদীর বিভিন্ন স্থানে তিনজনের লাশ ভেসে ওঠে।
এঁরা হলেন ব্যবসায়ী মো. হারুন (৪০), তাঁর ছেলে মারুফ (১৩) ও মেয়ে ইশরাত (৭)। তাঁদের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশের বৈলতলি গ্রামে। ঈদ শেষে হারুন পরিবার-পরিজন নিয়ে নগরের বাসায় ফেরার পথে বুধবার সন্ধ্যা সাড়ে সাতটায় তাঁদের নৌকাকে একটি ট্রলার ধাক্কা দিলে ডুবে যায়।
একই নৌকায় হারুনের স্ত্রী পারভিন ও ছেলে মিরাজও ছিলেন। স্থানীয় মাঝিরা তাৎক্ষণিকভাবে তাঁদের উদ্ধার করেন। কিন্তু হারুন ও দুই শিশুসন্তান তলিয়ে যায়। দুর্ঘটনার পর কোস্টগার্ড উদ্ধার অভিযান চালায়। কিন্তু উদ্ধার করা সম্ভব হয়নি।
গতকাল শুক্রবার সকালে নদীর বিভিন্ন স্থানে লাশ তিনটি ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশ উদ্ধার করে মর্গে পাঠায়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন জানান, নদী থেকে বাবা ও ছেলেমেয়ের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। পরে স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়। হারুনের ময়নাতদন্ত করা হলেও ম্যাজিস্ট্রেটের অনুমতি নিয়ে শিশু দুজনের লাশ ময়নাতদন্ত করা হয়নি। গ্রামের বাড়িতে তাঁদের দাফন করা হয়।