বাবা ও দুই মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় নিজ বাড়ি থেকে বাবা ও দুই মেয়ের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে দুর্লভপুর গ্রামে গিয়ে গোমস্তাপুর থানার পুলিশ লাশগুলো উদ্ধার করে।
যাঁদের লাশ উদ্ধার করা হয়েছে, তাঁরা হলেন মসিদুল হক (৩০) এবং তাঁর দুই মেয়ে অপি (১০) ও অনি (৬)।
স্থানীয় লোকজনের বরাত দিয়ে গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আহমেদের দেওয়া ভাষ্য, গতকাল সোমবার দুপুরে স্ত্রীর সঙ্গে ঝগড়া হয় মসিদুলের। এরপর তাঁর স্ত্রী রাগ করে বাবার বাড়ি চলে যান। স্ত্রীর ওপর অভিমান করে মসিদুল দুই মেয়েকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করার পর নিজে আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
ওসি জানান, ঘটনা শোনার পর মসিদুলের স্ত্রী পরশমণি বাড়িতে ফিরে আসেন। পুলিশ সেখান থেকে তাঁকে আটক করে।
ময়নাতদন্তের জন্য তিনজনের লাশ নবাবগঞ্জ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।