বাবা ও সৎমায়ের নিষ্ঠুরতা প্রাণ গেল ছেলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র আড়াই বছর বয়সে বাবা ও সৎমায়ের নিষ্ঠুরতায় ছেলে রশিদুলের প্রাণস্পন্দন থেমে গেছে বলে অভিযোগ পাওয়া গেছে। গত বৃহস্পতিবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার কাওয়াভাষা গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাবা আতাবুর রহমান ও সৎমা নুরেখা বেগমের স্বীকারোক্তির ভিত্তিতে গত শুক্রবার সন্ধ্যায় একটি গর্ত থেকে রশিদুলের লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় রশিদুলের মা রেশমা খাতুন বাদী হয়ে আতাবুর ও নুরেখাকে আসামি করে গোমস্তাপুর থানায় মামলা করেছেন।গোমস্তাপুর থানা ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে বাবা আতিবুর ও মা রেশমা বেগমের সঙ্গে ঘুমিয়ে ছিল রশিদুল। গভীর রাতে আতাবুর রহমান কৌশলে রেশমা খাতুনকে বাড়ির বাইরে নিয়ে আসেন। বাড়ির বাইরে একটি নলকূপের কাছে রেশমাকে দাঁড়িয়ে থাকতে বলে আতাবুর ঘরে গিয়ে রশিদুলকে সৎমা নুরেখার হাতে তুলে দেন। একপর্যায়ে তাঁরা গলাটিপে রশিদুলকে হত্যা করেন। গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন জানান, ঘরে ফিরে ছেলেকে দেখতে না পেয়ে আহাজারি শুরু করেন রেশমা খাতুন। এ ঘটনায় তিনি পরদিন গোমস্তাপুর থানায় একটি সাধারণ (জিডি) করেন। এতে স্বামী ও সতিন মিলে তাঁর ছেলের কোনো ক্ষতি করতে পারে বলে তিনি সন্দেহ প্রকাশ করেন। জিডি করার পর পুলিশ আতাবুর রহমান ও নুরেখা খাতুনকে আটক করে থানায় নিয়ে এসে জিজ্ঞাসাবাদ করে। এ সময় তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী বাড়ি থেকে আধা কিলোমিটার দূরে মহানন্দা নদীর কাছে একটি গর্ত থেকে রশিদুলের লাশ উদ্ধার করে। জাহাঙ্গীর হোসেন আরও দাবি করেন, আতাবুর ও নুরেখা দুজনে মিলেই যে রশিদুলকে হত্যা করেছেন, তা তাঁরা স্বীকার করেছেন। ওসি জাহাঙ্গীর হোসেন আরও জানান, পুলিশ আতাবুর ও নুরেখাকে গতকাল শনিবার আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেছে। তবে ওই দিন রিমান্ড আবেদনের শুনানি হয়নি। আতাবুর রহমান ও নুরেখার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও কথা বলা সম্ভব হয়নি।