বাবা ওঠালেন ছেলের লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজবাড়ীর গোয়ালন্দে একজনকে হত্যা করে মোটরসাইকেল ছিনতাইয়ের সময় নিখোঁজ হওয়া রফিকের (১৩) লাশ গতকাল শুক্রবার উদ্ধার করা হয়েছে। উজানচর দরাপেরডাঙ্গি এলাকায় নদীতে বাবা খুঁজে পান ছেলে রফিকের লাশের। এ ছাড়া ওই স্থান থেকে প্রায় এক কিলোমিটার দূরের একটি ভুট্টাখেত থেকে মোটরসাইকেলটি উদ্ধার করা হয়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দৌলতদিয়া ওমেদ আলী সরদারপাড়ার হায়াত আলী প্রামাণিকের ছেলে আলিম প্রতিবেশী বারেক শেখের ছেলে রফিককে নিয়ে বের হয়। পরদিন সকালে উজানচর দরাপেরডাঙ্গি এলাকার ভুট্টাখেত থেকে আলিমের লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু ওই দিন রফিক ও মোটরসাইকেলের সন্ধান পায়নি পুলিশ। গতকাল সকালে আলিমের লাশ যেখানে পাওয়া গিয়েছিল, সেখান থেকে প্রায় আধা কিলোমিটার দূরে নদীর পাড়ে স্যান্ডেল দেখে তা রফিকের বলে শনাক্ত করেন বারেক শেখ। এ সময় বারেক ছেলের লাশ খুঁজে বের করার জন্য নদীতে নামেন। একপর্যায়ে তিনি খুঁজে পান রফিকের লাশ। খবর পেয়ে বেলা ১১টার দিকে পুলিশ সেখান থেকে লাশ উদ্ধার করে।বারেক শেখ বলেন, ‘আমার ছেলের কোনো শক্র নেই। বুধবার বিকেলে আলিম মোটরসাইকেলে করে রফিককে নিয়ে বাড়ি থেকে বের হয়। ওই দিন রাত সাড়ে সাতটার দিকে রফিককে ফোন করলে সে ফরিদপুর মমিনখাঁরহাট এলাকায় আছে বলে জানায়। এর পর থেকে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।’ গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার বলেন, আলিম ও রফিককে একই সঙ্গে খুন করে দুর্বৃত্তরা পৃথক স্থানে লাশ দুটি ফেলে রেখেছে। তবে কী কারণে তাঁরা খুন হয়েছে, তা এই মুহূর্তে বলা যাচ্ছে না। ফোনের কললিস্টের জন্য আবেদন করা হয়েছে। সেটি হাতে পেলে খুনিদের শনাক্ত করা সম্ভব হতে পারে।