বাবা গ্রেপ্তার, ছেলের বিরুদ্ধে পরোয়ানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধার জাল সনদ দিয়ে ছেলেকে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে মাগুরায় আবু হানিফ মোল্লা নামের এক ভুয়া মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শ্রীপুর উপজেলার কাজলী গ্রাম থেকে গত শনিবার রাতে তাঁকে গ্রেপ্তার করা হয়।

একই সঙ্গে মুক্তিযোদ্ধার জাল সনদ নিয়ে প্রতারণার মাধ্যমে চাকরি নেওয়ার অভিযোগে আবু হানিফ মোল্লা ও তাঁর ছেলে পুলিশ সদস্য আবু শাওন মোল্লার বিরুদ্ধে রোববার মাগুরা সদর থানায় মামলা করেছে পুলিশ।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম প্রথম আলোকে জানান, মাগুরার শ্রীপুর উপজেলার কাজলী গ্রামের আবু শাওন মোল্লা (২৫) ২০১৩ সালে মুক্তিযোদ্ধা কোটায় পুলিশ সদস্য (কনস্টেবল) হিসেবে চাকরি পান। মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি পেতে তিনি বাবা আবু হানিফ মোল্লার নামে একটি মুক্তিযোদ্ধা সনদ জমা দেন। কিন্তু মুক্তিযোদ্ধার ওই সনদটি ছিল জাল। শনিবার মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এক জরুরি বার্তায় মাগুরা জেলা পুলিশকে ওই জাল সনদের বিষয়টি জানানো হয়। একই সঙ্গে জাল মুক্তিযোদ্ধা সনদ দিয়ে প্রতারণার মাধ্যমে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগে বাবা ও ছেলেকে গ্রেপ্তার ও তাঁদের বিরুদ্ধে মামলা করার নির্দেশনা দেওয়া হয়। মন্ত্রণালয়ের ওই নির্দেশ পেয়ে শনিবার রাতে কাজলী গ্রামের বাড়ি থেকে আবু হানিফ মোল্লাকে গ্রেপ্তার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম আরও বলেন, জাল সনদ দিয়ে প্রতারণার মাধ্যমে পুলিশে চাকরি নেওয়ার অভিযোগে আবু শাওন মোল্লা ও তাঁর বাবা আবু হানিফ মোল্লার বিরুদ্ধে রোববার মামলা করা হয়। মাগুরা পুলিশের রিজার্ভ কর্মকর্তা (আরও) মো. দেলোয়ার হোসেন বাদী হয়ে সদর থানায় মামলাটি করেন। শাওন বর্তমানে খুলনা আরআরএফে (রিজার্ভ পুলিশ) কর্মরত আছেন। আরআরএফ থেকে তাঁকে কুষ্টিয়া জেলায় দায়িত্ব পালনের জন্য পাঠানো হয়েছে। সেখান থেকে তাঁকে গ্রেপ্তারের জন্য সংশ্লিষ্ট থানাকে বলা হয়েছে। শাওনকে গ্রেপ্তারের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে। তাঁকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের সম্মুখীন করা হবে।

জিজ্ঞেস করা হলে মাগুরা জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোল্লা নবুয়ত আলী প্রথম আলোকে বলেন, ‘আবু হানিফকে আমি ব্যক্তিগতভাবে চিনি। তাঁর বাড়ি শ্রীপুরের কাজলী গ্রামে। তবে তিনি মুক্তিযোদ্ধা ছিলেন বলে শুনিনি। ভুয়া মুক্তিযোদ্ধা সনদ দিয়ে কেউ মুক্তিযোদ্ধা কোটায় চাকরি নিলে উপযুক্ত শাস্তি হওয়া উচিত।’