বাবা-ছেলে দুজনেই প্রার্থী, শেষ পর্যন্ত থাকবেন কে?

ফেনী-৩ (সোনাগাজী-দাগনভূঞা) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বাবা-ছেলে দুজনেই মনোনয়নপত্র জমা দিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত কে থাকবেন নির্বাচনী মাঠে এ নিয়ে চলছে আলোচনা। তাঁরা দুজন হলেন কেন্দ্রীয় যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য আবুল বাশার ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর আবুল বাশার বলেন, দুজনই নির্বাচনী লড়াইয়ে শেষ পর্যন্ত থাকবেন। তবে দুজন প্রার্থীর দুটি পৃথক নির্বাচনী প্রতীক থাকলেও একটি প্রতীকের জন্যই ভোট চাওয়া হবে। দুজনই প্রার্থী হিসেবে সমান সুযোগ পাবেন। সেটাই কাজে লাগবেন।
দলের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রার্থী হওয়া প্রসঙ্গে আবুল বাশার বলেন, দলীয় নেতা-কর্মীদের ইচ্ছা ও মতামতের ভিত্তিতেই তিনি প্রার্থী হয়েছেন। তিনি দীর্ঘদিন এলাকায় কাজ করছেন। ২০০৮ সালের সংসদ নির্বাচনে প্রার্থী হয়ে ৯৩ হাজার ভোট পেয়েছিলেন। ২০১৪ সালেও প্রার্থী হয়েছিলেন। পরে কেন্দ্রের অনুরোধে মহাজোটের পক্ষে জাতীয় পার্টির প্রার্থীকে ছেড়ে দিয়েছিলেন। কিন্তু জাতীয় পার্টির ওই প্রার্থী একপর্যায়ে মাঠ ছেড়ে দেন। এবার তিনি নির্বাচন করবেনই।
নাম প্রকাশে অনিচ্ছুক আবুল বাশারের একাধিক সমর্থক বলেন, এবারও হয়তো দলীয় সভানেত্রীর অনুরোধে ও দলীয় শৃঙ্খলার স্বার্থে তাঁকে (বাশার) নির্বাচন থেকে সরে যেতে হতে পারে। তখন তাঁর ছেলে স্বতন্ত্র প্রার্থী হিসেবে এ আসনে নির্বাচন করবেন।
তবে দাগনভূঞা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ভিন্নমত পোষণ করেন। তিনি বলেন, দলীয় মনোনয়ন না পাওয়া সত্ত্বেও স্বতন্ত্র প্রার্থী হয়ে বাশার সাহেব শুধু ভুলই করেননি দলীয় সিদ্ধান্তও অমান্য করেছেন। দলীয় সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং মহাজোটের পক্ষ থেকে যে প্রার্থীর নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে দলীয় নেতা-কর্মীরা ওই প্রার্থীর পক্ষেই কাজ করবেন।
২৮ নভেম্বর বাবা আবুল বাশার ও তাঁর ছেলে ইসতিয়াক আহমেদ দুজনই স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীদের সঙ্গে নিয়ে অনেকটাই নিজেদের শোডাউন করে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিয়েছেন। পরে গাড়িবহর নিয়েই সোনাগাজী ও দাগনভূঞার সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়েও মনোনয়নপত্র জমা দেন।
এ আসনে মহাজোটের পক্ষে জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য লেফটেন্যান্ট জেনারেল (অব.) মাসুদ উদ্দিন চৌধুরীও প্রার্থী হয়েছেন। এ ছাড়া বিএনপির দলীয় প্রার্থী হয়েছেন কেন্দ্রীয় সাবেক সহদপ্তর সম্পাদক আবদুল লতিফ এবং দাগনভূঞা উপজেলা বিএনপির সভাপতি আকবর হোসেন। এ ছাড়া জেএসডির শহিদ উদ্দিন মাহমুদ, বামজোটের হারাধন চক্রবর্তীসহ অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থী মিলিয়ে আরও ৯ জন প্রার্থী হয়েছেন।