বাবা-ছেলে মেয়র পদপ্রার্থী!
ঢাকার উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী হিসেবে আবদুল আউয়াল মিন্টুর মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। আজ রোববার দুপুরে বাবার পক্ষে তাঁর দুই ছেলে তাফসির আউয়াল ও তাজোয়ার আউয়াল এটি জমা দেন। তবে মেয়র পদপ্রার্থী হিসেবে মিন্টুর আরেক ছেলে তাবিদ আউয়ালের পক্ষে এক প্রতিনিধি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
বেলা একটা পাঁচ মিনিটে নিজেকে তাবিদের প্রতিনিধি দাবি করে সাজ্জাদুল ইসলাম নামের এক ব্যক্তি ওই মনোনয়নপত্র সংগ্রহ করেন। এ ব্যাপারে সাজ্জাদুলের ভাষ্য, সবকিছু সম্পন্ন করে বিকেল পাঁচটার মধ্যেই মনোনয়নপত্র কমিশনে জমা দেওয়া হবে।
মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বাবার পক্ষে তাফসির আউয়াল বলেন, ‘নির্বাচন কমিশনের সঙ্গে আমরা কথা বলেছি। লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করা নির্বাচন কমিশনের দায়িত্ব। এর মধ্যে যদি মনে হয় যে, সবার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, তাহলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার বিষয় রয়েছে।’
বাবার পর মেয়র পদে ভাইয়ের মনোনয়নপত্র সংগ্রহের বিষয়ে জানতে চাওয়া হলে তাফসির আউয়াল সাংবাদিকদের বলেন, ‘এ বিষয়ে আমি এখন কিছু বলতে পারব না। আমরা বাবার পক্ষেই মনোনয়নপত্র জমা দিতে এসেছি।’
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপির পক্ষ থেকে আবদুল আউয়াল মিন্টুকে সমর্থন দেওয়ার ব্যাপারটি প্রায় চূড়ান্ত বলে দলীয় সূত্র জানিয়েছে।
নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আজ বিকেল পাঁচটায় মনোনয়নপত্র জমা দিতে হবে।