খুলনা নগরের খালিশপুরে নিজ বাড়িতে বাবা ও ছেলেকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাঁরা হলেন বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সাবেক উপপরিচালক তৈয়বুর রহমান (৬০) ও তাঁর ছেলে নাজমুল মনির (১২)। অন্যদিকে, নগরের গাবতলা এলাকায় বাদল ধর (৪০) নামের আওয়ামী লীগের এক কর্মীকে হত্যা করেছে দুর্বৃত্তরা।
এ ছাড়া বাগেরহাটের মোরেলগঞ্জে গৃহবধূ, পটুয়াখালীর কলাপাড়ায় কৃষক ও বাউফলে এক ব্যক্তি খুন হয়েছেন। গত চার দিনে এসব হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
খুলনা: এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, গত বৃহস্পতিবার বেলা ১১টার দিকে দুই ব্যক্তি খালিশপুরের দুর্বারসংঘ এলাকায় তৈয়বুর রহমানের সঙ্গে কথা বলতে তাঁর বাসায় আসেন। বিকেল পর্যন্ত তাঁদের আলোচনা চলতে থাকে। এরই মধ্যে তৈয়বুর রহমানের স্ত্রী কেনাকাটা করতে বাজারে যান। কেনাকাটা শেষে সন্ধ্যা ছয়টার দিকে বাড়ি ফিরে তিনি স্বামী ও সন্তানের গলা কাটা লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।
অন্যদিকে, শনিবার রাত ১০টার দিকে গাবতলা সিটি পলিটেকনিক্যাল কলেজ এলাকায় নগরের হালদারপাড়ার বাসিন্দা বাদল ধরের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
বাগেরহাট: এক বছর আগে মোরেলগঞ্জ উপজেলার চিংড়াখালী ইউনিয়নের গোপালপুর গ্রামের ফারুক মোল্লার মেয়ে সুমি আক্তার (২০) ও একই গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিন্স শেখ ভালোবেসে বিয়ে করেন। ঈদের দিন বিকেলে প্রিন্স ও তাঁর স্বজনেরা সুমিকে শ্বাসরোধ করে হত্যা করেন এবং বাড়ি তালাবদ্ধ করে পালিয়ে যান। প্রতিবেশীদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ শনিবার সকালে সুমির লাশ উদ্ধার করে। এ ঘটনায় ফারুক মোল্লা বাদী হয়ে প্রিন্স ও তাঁর মা-সহ সাতজনকে আসামি করে হত্যা মামলা করেছেন। গতকাল প্রিন্সের মামা আসামি মতিয়ার শেখকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে।
কলাপাড়া (পটুয়াখালী): উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নের পশ্চিম মধুখালী গ্রামের মোতালেব গাজী গতকাল সকালে বিরোধপূর্ণ এক খণ্ড জমিতে লোকজন নিয়ে চাষাবাদ করছিলেন। ওই সময় প্রতিপক্ষ ইউনুস পাহলোয়ানের নেতৃত্বে আট থেকে দশজন সন্ত্রাসী হামলা করে। হামলায় মোতালেব গাজী, তাঁর ভাই নাসির গাজীসহ (৫০) চারজন আহত হয়। পরে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক নাসির গাজীকে মৃত ঘোষণা করেন।
বাউফল (পটুয়াখালী): উপজেলার কালাইয়া ইউনিয়নের কমলা রানীর দীঘি গ্রামের ওবায়দুল শরীফ (৩৫) ঢাকায় নির্মাণশ্রমিকের কাজ করেন। ঈদের ছুটিতে তিনি বাড়ি আসেন। শুক্রবার রাতে তিনি ও তাঁর স্ত্রী সেলিনা বেগম (২৬) ঘুমিয়ে ছিলেন। শনিবার সকালে তাঁর গলা কাটা লাশ পাওয়া যায়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।