বাবা-ছেলের একসঙ্গে এইচএসসি পরীক্ষা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকন তালুকদার ও মিল্লাত তালুকদার এইচএসসি পরীক্ষার্থী। দুজনেই রংপুরের পীরগঞ্জ উপজেলার চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিচ্ছেন। তবে কেন্দ্রের অন্য পরীক্ষার্থীদের থেকে তাঁরা আলাদা। কারণ তাঁরা সম্পর্কে বাবা-ছেলে।
রোকন তালুকদার (৩৮) এবং মিল্লাত তালুকদারের (১৮) বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার রামনাথপুর ইউনিয়নের খেদমতপুর গ্রামে। পীরগঞ্জ উপজেলার মাদারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজের নিয়মিত ছাত্র ছিলেন বাবা-ছেলে।
গত সোমবার সকাল সাড়ে নয়টায় ওই পরীক্ষা কেন্দ্রে গিয়ে দেখা যায়, বাবা-ছেলে কেন্দ্রের পৃথক দুটি কক্ষে পরীক্ষা দিচ্ছেন। পরীক্ষা থেকে বের হয়ে রোকন তালুকদার বলেন, ‘ছেলের সঙ্গে ক্লাস করতে কখনো দ্বিধাবোধ করিনি। ছেলের সঙ্গে এইচএসসি পরীক্ষা দিতে ভালোই লাগছে। স্বপ্ন দেখছি বাপ-ব্যাটা ভালো রেজাল্ট করার পর একসঙ্গে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার।’ এদিকে ছেলে মিল্লাত বলে, ‘আমি বাবার সঙ্গে পরীক্ষা দিতে পেরে নিজেকে ধন্য মনে করছি।’
কেন এত দেরি হলো এইচএসসি পরীক্ষা দিতে? জবাবে রোকন বলেন, তিনি ১৯৯৪ সালে এসএসসি পাস করেন। উচ্চশিক্ষা অর্জনের স্বপ্ন থাকলেও আর্থিক সংকটের কারণে তা সম্ভব হয়নি। এরপর তিনি পীরগঞ্জ প্রাণিসম্পদ কার্যালয়ের আওতায় রামনাথপুরের কৃত্রিম প্রজনন কেন্দ্রের কর্মী হিসেবে কাজে যোগ দেন। মাঝে বিয়ে করেন। সংসার হয়। দেখতে দেখতে ছেলেও বড় হয়ে যায়।
দুই বছর আগে ছেলে মিল্লাত তালুকদার এসএসসি পাস করে। তাকে ভর্তি করে দেন উপজেলার মাদারহাট টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজে। নিজেরও ইচ্ছা জাগে আবার লেখাপড়া শুরু করার। তখন ছেলের সঙ্গে তিনিও কলেজে ভর্তি হন। এরপর প্রতিদিন বাবা-ছেলে একসঙ্গে ক্লাস করতে যেতেন। ওই পরীক্ষা কেন্দ্রের সচিব ও চতরা বিজ্ঞান ও কারিগরি কলেজের অধ্যক্ষ লায়ন আবদুর রব প্রধান বলেন, বাবা-ছেলে একসঙ্গে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন। এটা দৃষ্টান্ত।