বাবা-ছেলের লাশ উদ্ধার, নিখোঁজ ১
চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধুরুং খালে মাছ ধরতে গিয়ে গত শুক্রবার দুপুরে নিখোঁজ হওয়া পাইন্দং ইউনিয়নের বেড়াজালি গ্রামের বাবা ও এক সন্তানের লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে খালে দুজনের লাশ ভেসে ওঠে।
এরা হলেন বাবা করাতকল শ্রমিক জাহাঙ্গীর আলম (৫০), তাঁর ছেলে শামছুল আলম (৫)। তবে আরেক সন্তান ফাতেমা জিন্নাতের (৭) লাশের এখনো খোঁজ মেলেনি।
স্থানীয় লোকজনের ভাষ্যমতে, গত শুক্রবার দুপুর দেড়টায় জাহাঙ্গীর দুই সন্তানকে কাঁধে নিয়ে খাল পার হওয়ার সময় পানির স্রোতে নিমজ্জিত হন। স্রোতের তীব্রতায় মুহূর্তেই তলিয়ে যায় তারা। এর পর থেকেই তারা নিখোঁজ হয়।
দুর্ঘটনার পরপরই ফটিকছড়ির ফায়ার সার্ভিস, থানার পুলিশ এবং একাধিক ডুবুরি দল বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান চালায়। কিন্তু তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল সকালে খালে লাশ দুটি ভেসে উঠলে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। পরে পুলিশ লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ উদ্ধারের খবর শুনে তাদের স্বজনেরা কান্নায় ভেঙে পড়েন।