বাবা-ছেলের স্বপ্নভঙ্গ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সোনার মূর্তি দেওয়ার প্রলোভন দেখিয়ে বাবা ও ছেলের কাছ থেকে ৮৬ হাজার টাকা নিয়ে গেছে একটি প্রতারক চক্র। সোনার বদলে পিতলের তৈরি মূর্তি দিয়ে তাঁদের ঠকানো হয়েছে। নীলফামারীর সৈয়দপুর থেকে মূর্তিটি গত সোমবার জব্দ করে পুলিশ।সৈয়দপুর থানার পুলিশ ছেলে ও বাবার কাছ থেকে এক কেজি ওজনের মূর্তিটি উদ্ধার করে প্রমাণ করে এটি পিতলের তৈরি। এতে মূর্তি বিক্রি করে ৪০ লক্ষাধিক টাকা লাভ করার স্বপ্ন ভেঙে যায় ওই বাবা ও ছেলের। প্রতারণার শিকার বাবার নাম জোমায়েদ হোসেন ও তাঁর ছেলের নাম এনায়েত হোসেন (২২)। তাঁদের বাড়ি খুলনার বটিয়াঘাটায়। এনায়েত একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছাত্র।এনায়েত হোসেন জানান, তাঁর চাচাতো ভাই মোসলেম ফকির কয়েক দিন আগে তাঁকে জানান দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় এক ব্যক্তির কাছে প্রাচীন আমলের একটি স্বর্ণমূর্তি আছে। মূর্তিটি সৎ ব্যক্তির হাতে তুলে দেওয়া হবে। এ জন্য অবশ্য হাদিয়া (মূল্য) হিসেবে দাতাকে (ফকির বাবা) দিতে হবে ৮৬ হাজার টাকা। মূর্তি বিক্রি করে ৪০ লক্ষাধিক টাকা আয় করবেন এ আশায় তিনি (এনায়েত) তাঁর চাচাতো ভাই ও বাবাকে নিয়ে কয়েক দিন আগে বীরগঞ্জে আসেন।এনায়েত বলেন, ‘আপন চাচাতো ভাই মোসলেম ফকির হুজুর মানুষ। তাঁর কথায় অবিশ্বাস করার কিছুই ছিল না। বীরগঞ্জ আসার পর সোমবার রাতে অজ্ঞাত দুই ব্যক্তি কাপড় দিয়ে পেঁচানো মূর্তিটি তাঁর হাতে তুলে দেয়। বিনিময়ে টাকাও বুঝে নেয় তারা।’সৈয়দপুর থানা সূত্রে জানা গেছে, সোমবার রাতেই তাঁরা ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের টিকিট নেন। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও চাচাতো ভাইকে না দেখে সন্দেহ হয় এনায়েত ও তাঁর বাবার। তাঁরা অসংলগ্ন আচরণ করতে থাকেন। বিষয়টি বাসের সুপারভাইজার বিভাষ বিশ্বাস চালককে জানান। বাসচালক বীরগঞ্জ থেকে বাসটি নীলফামারীর সৈয়দপুর থানায় নিয়ে আসেন। পরে পুলিশ তাঁদের কাছ থেকে মূর্তিটি স্থানীয় স্বর্ণকার দিয়ে যাচাই করেন। স্বর্ণকারেরা জানান, মূর্তিটি সোনার নয়, পিতলের তৈরি।সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জামাল উদ্দিন জানান, দিনাজপুরে একটি প্রতারক চক্র ভুয়া মূর্তি বিক্রি করে নিরীহ মানুষকে ঠকাচ্ছে। ওই চক্রের সদস্যদের মাধ্যমে এনায়েত ও তাঁর বাবা প্রতারণার শিকার হয়েছেন।