বাবা-ছেলেসহ চার জেলায় প্রাণ গেল সাতজনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের রাজৈরে গতকাল শনিবার বাসের সঙ্গে টেম্পোর মুখোমুখি সংঘর্ষে বাবা ও ছেলে নিহত হয়েছেন। ঝিনাইদহের হরিণাকুণ্ডু, কালীগঞ্জ, বগুড়ার ধুনট ও চট্টগ্রামের আনোয়ারায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় আরও পাঁচজন নিহত হয়েছেন। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:মাদারীপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার আলমদস্তার এলাকায় গতকাল শনিবার একটি যাত্রীবাহী বাসের সঙ্গে একটি টেম্পোর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে টেম্পোর যাত্রী রাজৈর উপজেলার মাছকান্দি গ্রামের জয়নাল শেখ (৪৫) ও তাঁর ছেলে আজিজুল (১২) নিহত হন। এ দুর্ঘটনায় টেম্পোর চালকসহ আরও ছয় যাত্রী আহত হয়েছেন। এঁরা হচ্ছে টেম্পোচালক রাজৈরের কেন্দুয়া গ্রামের জাকির হোসেন (৩০), যাত্রী সরোয়ার হোসেন (৪০), অ্যানি বেগম (৩৫), সাহিদা (৫), আবুল বাশার (৪৫) ও সুমন মজুমদার (২০)। আহত ব্যক্তিদের রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।ঝিনাইদহ: হরিণাকুণ্ডু উপজেলার মকিমপুর এলাকায় গতকাল বালুভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ট্রাকের চালক যশোরের বকচর গ্রামের আবদুর রশিদ (৫০) নিহত হন। কালীগঞ্জ শহরের প্রধান বাসস্ট্যান্ডে শুক্রবার রাতে একটি ট্রাকের চাপায় বাইসাইকেলের দুই আরোহী নিহত হন। এঁরা হচ্ছেন কালীগঞ্জ উপজেলার আড়পাড়া গ্রামের সমীর দাস (২৫) ও চাপালী গ্রামের হাসেম আলী (৩৮)। তাঁরা মোবারকগঞ্জ চিনিকলের কর্মচারী।ধুনট (বগুড়া): বগুড়ার ধুনট-কুতুবপুর রাস্তার জোড়শিমুল জামতলা স্ট্যান্ডে গতকাল হিউম্যান হলারের চাপায় রাফিয়া খাতুন (৭) নামের এক শিশু নিহত হয়েছে। সে জোড়শিমুল গ্রামের আসাদুল ইসলামের মেয়ে।আনোয়ারা (চট্টগ্রাম): উপজেলার পশ্চিম রায়পুর এলাকায় শুক্রবার একটি জিপ (চাঁদের গাড়ি) সিএনজিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে অটোরিকশার যাত্রী রায়পুর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক মো. সেলিম (২৮) নিহত হন।