বাবা-ছেলেসহ জামায়াত শিবিরের তিনজন আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে উৎখাতের পরিকল্পনা করতে গোপন বৈঠক করার অভিযোগে বাবা-ছেলেসহ তিনজনকে আটক করা হয়েছে। গত মঙ্গলবার রাতে চট্টগ্রাম নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসা থেকে তাঁদের আটক করে নগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক ব্যক্তিরা হলেন নগরের ডবলমুরিং থানার জামায়াতে ইসলামীর রুকন আবদুস সবুর (৫১), তাঁর ছেলে নগর শিবিরের সাথী তাসনিম আহমেদ (১৮) এবং জামায়াতে ইসলামীর চট্টগ্রাম নগর কার্যালয়ের অফিস সহকারী শহিদুল আলম (২৪)।
গতকাল বুধবার বিকেলে চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে নগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার মো. মোকতার হোসেন সাংবাদিকদের বলেন, আটক তিনজনের কাছ থেকে বিপুল পরিমাণ জিহাদি বই, ব্যানার ও লিফলেট উদ্ধার করা হয়। ব্যানার ও লিফলেটগুলোতে সরকারবিরোধী বিভিন্ন উসকানিমূলক স্লোগান রয়েছে। এ ছাড়া যুদ্ধাপরাধের মামলার রায়কে কটাক্ষ করে লেখা বিভিন্ন লিফলেটও উদ্ধার করা হয়েছে।
সংবাদ সম্মেলনে তিনজনকে হাজির করা হলেও তাঁদের সঙ্গে সাংবাদিকদের কথা বলতে দেওয়া হয়নি। পরে গোয়েন্দা পুলিশ কার্যালয়ের হাজতখানায় আবদুস সবুর প্রথম আলোকে বলেন, তিনি জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত। সরকার উৎখাতের কোনো পরিকল্পনার সঙ্গে তিনি জড়িত নন বলে দাবি করেন।
সংবাদ সম্মেলনে ডিবির উপকমিশনার মোকতার হোসেন দাবি করেন, আটক হওয়া আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন, যুদ্ধাপরাধের মামলায় রায় হওয়ায় অস্তিত্ব সংকটে ভুগছেন তাঁরা। এ জন্য সরকারকে উৎখাত করতে গোপনে বৈঠক করে পরিকল্পনা করে আসছেন। মঙ্গলবার রাতের বৈঠকে জামায়াত-শিবিরের আরও নেতা-কর্মী উপস্থিত থাকলেও পুলিশের অভিযান টের পেয়ে তাঁরা পালিয়ে যান।