বাবা-ছেলেসহ দুই জেলায় নিহত ৪
চট্টগ্রামের পটিয়ায় গত বৃহস্পতিবার মাইক্রোবাস খালে পড়ে বাবা-ছেলেসহ তিনজন নিহত হয়েছে। ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে গতকাল শুক্রবার বাসের চাপায় এক শিশু নিহত হয়েছে। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর: পটিয়া (চট্টগ্রাম): চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চট্টগ্রামের পটিয়ার খরনা সেতুর রেলিং ভেঙে মাইক্রোবাস খালে পড়ে বাবা-ছেলে, চালকসহ তিনজন নিহত ও একজন আহত হয়েছে। গত বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে এই দুর্ঘটনা ঘটে।নিহত ব্যক্তিরা হলো চন্দনাইশ উপজেলার দক্ষিণ হাশিমপুর গ্রামের আবদুস সোবহান (৪০), তাঁর ছেলে আবু মোহাম্মদ ওহাইদুল ইসলাম (৮) ও মাইক্রোবাসের চালক সাতকানিয়া উপজেলার এওছিয়া গ্রামের অনুপ দাশ (৪৮)। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন হতাহত ব্যক্তিদের উদ্ধার করে। মধ্যরাতে রেকার এনে মাইক্রোবাসটি উদ্ধার করা হয়। হাইওয়ে পুলিশ সূত্র জানায়, মাইক্রোবাসটি আমিরাবাদ থেকে চট্টগ্রামে যাওয়ার পথে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি খরনা সেতুর রেলিং ভেঙে খালে পড়ে যায়।সরাইল (ব্রাহ্মণবাড়িয়া): ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার সদর ইউনিয়নের দর্জিপাড়ায় গতকাল শুক্রবার দুপুর একটার দিকে বাসের চাপায় সোমাইয়া (৪) নামের এক শিশু ঘটনাস্থলেই নিহত হয়। দুর্ঘটনায় রুমা (৫) নামের এক শিশু আহত হয়। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমাইয়া সদর উপজেলার মালিহাতা গ্রামের ইয়াছিন মিয়ার মেয়ে। পুলিশ জানায়, ঢাকা থেকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাস অন্য একটি বাসকে অতিক্রম করতে গিয়ে সড়কের পাশে দাঁড়ানো ওই শিশু দুটিকে চাপা দেয়।