বাবা-ছেলেসহ নিহত ৩
ঝালকাঠির নলছিটি উপজেলায় বাসের চাপায় বাবা-ছেলে নিহত হয়েছেন। গত শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কে উপজেলার দপদপিয়া জিরো পয়েন্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর গাছ ফেলে ওই মহাসড়ক এক ঘণ্টা অবরোধ করে রাখেন এলাকাবাসী।এদিকে গতকাল শনিবার সাতক্ষীরা শহরতলির তালতলা এলাকায় বাসের চাপায় তারক চন্দ্র মণ্ডল (৪০) নামের এক মোটর সাইকেলের চালক নিহত হয়েছেন।নলছিটি থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে উপজেলার তিমিকাঠি এলাকার ব্যবসায়ী জসিম উদ্দিন (৩৫) ও তাঁর ছেলে মো. জিহাদ (৪) মহাসড়কের পাশে হাঁটছিলেন। রাত সোয়া আটটার দিকে বরিশাল থেকে পটুয়াখালীগামী একটি যাত্রীবাহী বাস জিরো পয়েন্ট এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই বাবা-ছেলেসহ তিনজনকে চাপা দেয়। ঘটনাস্থলেই জিহাদের মৃত্যু হয়। অপর দুজন পথচারীকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে জসিম উদ্দিনের মৃত্যু হয়।দুর্ঘটনার পর এলাকাবাসী গাছ ফেলে ওই মহাসড়ক অবরোধ করে রাখেন। এ সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করা হয়। প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, সাতক্ষীরা বাস টার্মিনাল থেকে ছেড়ে আসা খুলনাগামী একটি যাত্রীবাহী বাস গতকাল সকাল আটটার দিকে সাতক্ষীরা শহরতলির তালতলা উচ্চবিদ্যালয়ের সামনে পৌঁছে একটি মোটরসাইকেলকে সামনে থেকে চাপা দেয়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের চালক তারক চন্দ্র মণ্ডল নিহত হন। মোটরসাইকেলের অপর আরোহী গুরুতর আহত হন।