বাবা-ছেলেসহ পাঁচজন সড়ক দুর্ঘটনায় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজার, সিলেট, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ পাঁচজন নিহত হয়েছে। গত বুধ ও গতকাল বৃহস্পতিবার এসব দুর্ঘটনা ঘটে।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:
মৌলভীবাজার: পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বাবার মৃত্যুর খবরে গতকাল সকালে ছেলে তফাজ্জল মিয়াকে (১৭) নিয়ে মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মাতারকাপন এলাকা থেকে গ্রামের বাড়ি হবিগঞ্জের বানিয়াচং উপজেলার উদ্দেশ্যে রওনা হন ইজ্জত আলী (৫৫)। আগের দিন রাতে ইজ্জত আলীর বাবা মারা যান। রিকশায় করে বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন ইজ্জত আলী ও তাঁর ছেলে। শহরের শমশেরনগর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাঁদের রিকশাটিকে চাপা দেয়। এতে বাবা-ছেলে দুজনই ঘটনাস্থলে মারা যান।
সিলেট: পুলিশ জানায়, সিলেট-সুনামগঞ্জ সড়কের জাঙ্গাইল এলাকায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে রাস্তা পার হওয়ার সময় ফকির উদ্দিন (৭) নামের একটি শিশু ট্রাকচাপায় ঘটনাস্থলেই মারা যায়। সে জাঙ্গাইল গ্রামের আফাজ উদ্দিনের ছেলে। এ ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। পুলিশের হস্তক্ষেপে বেলা আড়াইটার দিকে তাঁরা অবরোধ সরিয়ে নেন।
ব্রাহ্মণবাড়িয়া: পুলিশের ব্রাহ্মণবাড়িয়া সদর ট্রাফিক বিভাগের পরিদর্শক মো. বায়েজিদ জানান, কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া শহর বাইপাস সড়কের শেরপুর এলাকায় গতকাল বেলা ১১টায় ট্রাকের চাপায় নিপা আক্তার (২০) নামের এক কলেজছাত্রী মারা গেছেন। নিপা শহরের দক্ষিণ পৈরতলা এলাকার কনু মিয়ার মেয়ে। তিনি ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
মতলব দক্ষিণ (চাঁদপুর): উপজেলার কদমতলী গ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে যাত্রীবাহী নছিমনের চাকায় পিষ্ট হয়ে মারা গেছে মো. হূদয় (৮)। বুধবার সন্ধ্যায় কদমতলী-চরমুকুন্দি সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতের বাড়ি মতলব উত্তরের পূর্ব ইসলামাবাদ গ্রামে। বাবার নাম মমিন মিয়া।