বাবা-ছেলেসহ সড়ক দুর্ঘটনায় নিহত ৪
টাঙ্গাইলের মির্জাপুরে সড়ক দুর্ঘটনায় বাবা ও ছেলে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার উপজেলার সৈয়দপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গত বুধবার রাতে মৌলভীবাজারে রোলারের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুই মোটরসাইকেল আরোহী নিহত হন।
নিহত ব্যক্তিরা হলেন মির্জাপুর উপজেলার পাঁচগাঁও গ্রামের আবুল হোসেন (৫৫) ও তাঁর ছেলে সিঙ্গাপুরপ্রবাসী মো. শরীফ হোসেন (২৫) এবং মৌলভীবাজার সদর উপজেলার কদুপুর গ্রামের আশফাক আহমদ (২৫) ও সিলেটের গোলাপগঞ্জ উপজেলার দক্ষিণ রামপাশা গ্রামের কামরুল ইসলাম (২৫)।
পুলিশ ও এলাকাবাসী জানান, শরীফ হোসেন সম্প্রতি দেশে আসেন। তিনি গতকাল সকালে বাবার সঙ্গে বাড়িতে নতুন ভবন নির্মাণের জন্য রড কিনতে গোড়াই বাজারে যান। সেখান থেকে রডবোঝাই ট্রাকের চালকের পাশের আসনে বসে তাঁরা বাড়ি ফিরছিলেন। এ সময় গোড়াই-সখীপুর সড়কের সৈয়দপুর এলাকায় সামনে থাকা পল্লী বিদ্যুতের খুঁটিবোঝাই একটি ট্রাক হঠাৎ থেমে যায়। এ সময় রডবোঝাই ট্রাকের সামনের গ্লাসে বিদ্যুতের খুঁটির ধাক্কা লাগলে তা ভেঙে যায়। এতে বাবা-ছেলে গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় এলাকাবাসী তাঁদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁরা মারা যান। মির্জাপুর থানার ওসি মোহাম্মদ মাইন উদ্দিন বলেন, নিহত দুজনের লাশ আইনি প্রক্রিয়া শেষে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
মৌলভীবাজার সদর মডেল থানার পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বুধবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রফিকুল ইসলাম (২৬), আশফাক আহমদ ও কামরুল ইসলাম মোটরসাইকেলে শ্রীমঙ্গল থেকে মৌলভীবাজারের দিকে আসছিলেন। মৌলভীবাজার-শ্রীমঙ্গল সড়কের নিতেস্বর এলাকায় আসার পর কুয়াশার কারণে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি রোলারের সঙ্গে তাঁদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। এ সময় কর্তব্যরত চিকিৎসক আশফাক ও কামরুলকে মৃত ঘোষণা করেন।