বাবা-ছেলেসহ ৮ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ জেলায় গত বুধবার রাত থেকে গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলেসহ ৮ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত ৩৫ দিনে দেশের বিভিন্ন স্থানে সড়ক দুর্ঘটনায় নিহত হলেন ৩২২ জন।
প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক, আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
নীলফামারীর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবুল আকতার বলেন, ডোমার থেকে বুধবার রাতে ট্রাক্টরে করে একটি রোড রোলার নিয়ে আসছিলেন জামির উদ্দিন (২০)। পথে হরীতকীতলা এলাকায় ট্রাক্টরটি খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রোলারের চাপায় নিহত হন জামির। তিনি ঠাকুরগাঁওয়ের বাসিন্দা।
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া হাইওয়ে থানা সূত্রে জানা গেছে, গতকাল সকালে নাটোর-পাবনা মহাসড়কে ব্যাটারিচালিত ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় একটি ট্রাক। এতে নিহত হয়েছেন ভ্যানের আরোহী শহিদুল ইসলাম (৪৫) ও ছেলে সিয়াম হোসেন (৩)। গুরুতর আহত হয়েছেন শহিদুলের স্ত্রী শেফালী বেগম।
গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া এলাকায় গতকাল কাভার্ড ভ্যানের চাপায় আমেনা খাতুন (৫) নামে এক শিশু নিহত হয়েছে। তার বাবার নাম রাজিব মিয়া। মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান বলেন, রাস্তা পার হওয়ার সময় একটি কাভার্ড ভ্যান আমেনাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই সে মারা যায়।
নারায়ণগঞ্জের মদনপুর ও কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় এবং রূপগঞ্জে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় দুজন পথচারী ও একজন বাসযাত্রী নিহত হয়েছেন। তাঁরা হলেন শাহজালাল, শাহনেওয়াজ ও নজরুল ইসলাম।
কাঁচপুর হাইওয়ে পুলিশের সহকারী উপপরিদর্শক (এএসআই) মিজানুর রহমান বলেন, বুধবার সন্ধ্যায় মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় শাহজালালকে একটি ট্রাক চাপা দিলে তিনি ঘটনাস্থলে নিহত হন। একই দিন সন্ধ্যায় বন্দরের কেওঢালা বাসস্ট্যান্ড এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি লেগুনা শাহনেওয়াজকে চাপা দিলে তিনিও ঘটনাস্থলেই নিহত হন।
কাঁচপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) কুদ্দুস মিয়া বলেন, রূপগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গতকাল একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাসযাত্রী নজরুল ইসলাম নিহত হন। তাঁর বাড়ি মৌলভীবাজারে।
কুষ্টিয়া সদর উপজেলার ঝাউদিয়া গ্রামে গতকাল সকালে ট্রাকের চাপায় জাসিরুল ইসলাম (১৮) নামের এক বাইসাইকেল আরোহী নিহত হয়েছেন। তাঁর বাড়ি ঝিনাইদহের হরিণাকুণ্ডে।