বাবা টাকা না দেওয়ায় ঘরে ঢুকল মেয়ে, বেরোল লাশ
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় অষ্টম শ্রেণির এক ছাত্রী গত বুধবার সন্ধ্যায় আত্মহত্যা করেছে। পরিবার বলছে, সে বাবার কাছে প্রাইভেট পড়ার বেতন চেয়েছিল। না দেওয়ায় অভিমান করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে।
ওই ছাত্রীর নাম কুলসুম আক্তার (১৪)। সে উপজেলার জামালপুর ইউনিয়নের নলিয়া শ্যামামোহন ইনস্টিটিউশনের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল। কুলসুম স্থানীয় ছাবনীপাড়া গ্রামের কবির উদ্দিন খানের মেয়ে।
কবির উদ্দিন খান বলেন, কুলসুম স্থানীয় এক কলেজশিক্ষকের কাছে ইংরেজি প্রাইভেট পড়ত। বুধবার বিকেলে তিনি (কবির) হাট থেকে বাড়ি ফিরলে কুলসুম তাঁর কাছে প্রাইভেট পড়ার বেতনের টাকা চায়। কিন্তু বেসরকারি সংস্থার ঋণের ১০ হাজার টাকা দেওয়ার পর তাঁর কাছে টাকা ছিল না। তিনি চার-পাঁচ দিন পরে দেওয়ার কথা বলেছিলেন। তখন কুলসুম বলে, অন্যরা টাকা দিয়ে দিয়েছে। কিন্তু সে দিতে না পারায় লজ্জায় পড়ছে।
পরিবার বলছে, ওই প্রাইভেট শিক্ষককে বুঝিয়ে বলে আসবেন বলে কুলসুমকে আশ্বস্ত করেছিলেন বাবা কবির উদ্দিন। কিন্তু এতেও বুঝ মানেনি কুলসুমের। ঘটনার কিছু সময় পর কবির বাড়ির বাইরে যান। এ সময় কুলসুম ঘরে ঢুকে ভেতর থেকে দরজা বন্ধ করে দেয়। তার মা কিছুক্ষণ ডাকাডাকি করলেও কোনো সাড়া পাননি। এরপর তিনি চিৎকার দেন। প্রতিবেশীরা এসে ঘরের জানালা ভেঙে ভেতরে গিয়ে কুলসুমের ঝুলন্ত মৃতদেহ পান।
প্রতিবেশী সাবেক ইউপি সদস্য শামীম মিয়া মোড়ল বলেন, কবির মাঠে কাজ করে সংসার চালান। কিন্তু তাঁর তিন ছেলে ও দুই মেয়ের সবাইকে কষ্ট করে লেখাপড়া করাচ্ছেন। এর মধ্যে ছোট মেয়ে এভাবে মারা গেল। বিষয়টি খুবই মর্মান্তিক।
বালিয়াকান্দি থানার উপপরিদর্শক (এসআই) অঙ্কুর ভট্টাচার্য বলেন, কারও কোনো অভিযোগ না থাকায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফন করেছে পরিবার। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।