বাবা দিবসে ছেলেকে কোলে তুলে দিতে পারলেন না মা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আবদুর রাজ্জাক
আবদুর রাজ্জাক

বাবা দিবসে ফুটফুটে ছেলে এল বিজিবি নায়েক আবদুর রাজ্জাকের স্ত্রী আসমা বেগমের কোলজুড়ে। কিন্তু আনন্দের এ সময়ে সন্তানকে বাবার কোলে তুলে দিতে পারলেন না আসমা। গতকাল রোববার ঘরে নতুন অতিথি এলেও পরিবারটি তাই অনেকটাই ছিল শোক আর উদ্বেগে আচ্ছন্ন।
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে গত বুধবার অপহৃত বিজিবি নায়েক রাজ্জাকের বাড়ি সিংড়া উপজেলার বলিয়াবাড়ি গ্রামে।
গতকাল দুপুর ১২টায় তাঁর সেই পৈতৃক বাড়িতে গিয়ে জানা গেল, ঘণ্টা খানেক আগেই রাজ্জাকের স্ত্রী পুত্রসন্তান প্রসব করেছেন। কিন্তু বাড়ির কারও মুখে নেই আনন্দ। দেখা গেল, সদ্যোজাত সন্তানকে বুকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদছেন আসমা বেগম। কেমন আছেন, জানতে চাওয়া মাত্র জোরে শব্দ করে কাঁদতে শুরু করলেন।
মিয়ানমার সীমান্তের নাফ নদীতে টহল দেওয়ার সময় বিজিপি অপহরণ করে নায়েক রাজ্জাককে। সে খবর পাওয়ার পর থেকেই তাঁর পরিবারের সদস্যরা এক রকম খাওয়াদাওয়া বন্ধ করে দিয়েছেন।
নবজাতককে তুলে ধরে জোরে কেঁদে উঠে আসমা বললেন, ‘ওর আব্বুরে ক্যান আটকায়ে রাখছে। আমার মণিরে আজ ওর আব্বুর কোলে তুলে দেওয়ার কথা ছিল। আপনারা ওর আব্বুরে আনে দেন। ও ওর আব্বুর কোলে উঠবে।’
সদ্যোজাত শিশুটিকেও যেন নাড়া দেয় মায়ের কান্না। এ সময় সে-ও কাঁদছিল। রাজ্জাকের মা বুলবুলি বেগমও কাঁদতে কাঁদতে মূর্ছা যাচ্ছিলেন। পাশে ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদছিল রাজ্জাকের আরেক ছেলে রাকিবুল ইসলাম (১২) ও মেয়ে ফারিয়া জাহান (১০)। কান্নায় ভারী হয়ে উঠছিল সেখানকার পরিবেশ।

রাজ্জাকের বাবা তোফাজ্জল হোসেন এ প্রতিবেদককে জানান, সর্বশেষ গত সোমবার ছেলের সঙ্গে তাঁর কথা হয়। সে তখন অনাগত সন্তানের জন্য অধীর অপেক্ষায় থাকার কথা বলেছিল। তোফাজ্জল বলেন, ‘আমি সুস্থ অবস্থায় আমার সন্তানকে ফেরত চাই। সন্তানেরা ওর জন্য ঘুমাতে পারছে না। ওকে দ্রুত ফিরিয়ে আনা হোক।’

রাজ্জাকের ছেলে রাকিবুল বলে, ‘আমরা বাবাকে খুবই মিস করছি। আজ কয়েক দিন ধরে বাবার সঙ্গে কথা হচ্ছে না। দাদার কাছে শুনেছি, বাবাকে কারা নাকি ধরে নিয়ে গেছে। আর কোনো দিন তাঁকে কি দেখতে পাব না?’

মেয়ে ফারিয়া বলে, ‘সরকারের কাছে আমাদের অনুরোধ, তাড়াতাড়ি যেন বাবাকে ফিরিয়ে নিয়ে আসে। আমাদের নতুন আরেকটা ছোট ভাই এসেছে। বাবা তাকে দেখবে। বাবা এলে ভাইয়ের নাম রাখবে।’

পরিবারের অভিযোগ, রাজ্জাক অপহৃত হওয়ার পর বিজিবি তাদের কিছু জানায়নি। গণমাধ্যমে রাজ্জাকের হাত-পা বাঁধা ছবি দেখে তাঁরা এ ঘটনা জানতে পারেন। পরে বিজিবি থেকে ফোন করে জানানো হয়, পতাকা বৈঠক করে এক দিনের মধ্যেই রাজ্জাককে দেশে ফিরিয়ে আনা হবে। কিন্তু এখনো তাঁকে ফিরিয়ে আনার কোনো লক্ষণ তাঁরা দেখতে পাচ্ছেন না। তাঁরা উদ্বেগ-উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন।

এ ব্যাপারে নাটোরের পুলিশ সুপার বাসুদেব বণিক জানান, তাঁরা রাজ্জাকের খোঁজখবরের জন্য ঢাকার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন। তিনি মুক্ত হয়ে দেশে ফিরে আসামাত্র তাঁকে পরিবারের কাছে নিয়ে যাওয়া হবে।

রাজ্জাককে নিরাপদে ফিরে পেতে চায় বাংলাদেশ: কূটনৈতিক প্রতিবেদক জানান, বিজিবির নায়েক আবদুর রাজ্জাককে নিরাপদে ফিরে পাওয়ার জন্য অপেক্ষায় আছে বাংলাদেশ। ঠিক কবে এই বিজিবি সদস্যকে ফিরিয়ে দেওয়া হবে সে ব্যাপারে এখনো সুস্পষ্টভাবে কোনো আশ্বাস দেয়নি মিয়ানমার।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা গতকাল প্রথম আলোকেবলেন, গত শনিবার বাংলাদেশের রাষ্ট্রদূত সুফিউর রহমান মিয়ানমারের পররাষ্ট্রসচিবকে দ্রুত আবদুর রাজ্জাককে ফিরিয়ে দিতে অনুরোধ জানান। বৈঠকে মিয়ানমারের পররাষ্ট্রসচিব তাঁকে জানান, সে দেশের পররাষ্ট্রমন্ত্রী বিজিবির সদস্যকে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ করেছেন। তবে মিয়ানমারের স্বরাষ্ট্রমন্ত্রী অনুপ্রবেশের অভিযোগ তোলেন।

মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের (বিজিপি) হাতে আটক নায়েক আবদুর রাজ্জাকের সে দেশে বিচার হবে কি না জানতে চাইলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের অন্য এক কর্মকর্তা বলেন, বিষয়টি হয়তো আদালত পর্যন্ত গড়াবে না। অনুপ্রবেশের অভিযোগ এনে বাংলাদেশের সীমান্তরক্ষীর বিচার করা হলে আগামী দিনে মিয়ানমারের সীমান্তরক্ষীদের একই পরিস্থিতির মুখোমুখি হতে হবে। এ পরিস্থিতিতে কিছুটা কালক্ষেপণ করে, রাজ্জাককে মিয়ানমার ফিরিয়ে দেবে বলে ওই কূটনীতিক আশা প্রকাশ করেন।