বাবা দেখলেন, পড়ে আছে মেয়ের রক্তাক্ত লাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোরবেলা নামাজ পড়তে বের হয়ে একটি ভবনের ফটকে এক শিশুকে পড়ে থাকতে দেখে এগিয়ে যান দিনমজুর মো. শাহাবুদ্দীন। কাছে গিয়ে দেখেন, শিশুটি তাঁরই আট বছরের মেয়ে ফরমিন আক্তার—রক্তাক্ত ও মৃত। রাজধানীর দক্ষিণখানের নর্দ্দাপাড়া তালতলা এলাকার মসজিদ রোডে রওশন ম্যানশনের পঞ্চম তলায় প্রকৌশলী রাশেদুল ইসলামের বাসায় কাজ করত ফরমিন। গতকাল মঙ্গলবার ওই বাসার ফটকেই পাওয়া যায় তার লাশ। এ ঘটনায় পুলিশ গৃহকর্তা ও তাঁর স্ত্রীসহ চারজনকে গ্রেপ্তার করেছে।শাহাবুদ্দিন সাংবাদিকদের বলেন, রাশেদুলের বাসায় চার মাস ধরে কাজ করছিল ফরমিন। পাশে আরেকটি বাসায় ভাড়া থাকেন তিনি। গতকাল ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার সময় তিনি রওশন ম্যানশনের সামনের রাস্তায় একটি শিশুর দেহ পড়ে থাকতে দেখেন। কাছে গিয়ে দেখেন, সেটি তাঁরই মেয়ে। মেয়ের লাশ দেখে তিনি চিৎকার করে কাঁদতে শুরু করেন। ঘুম ভেঙে আশপাশের লোকজন এগিয়ে আসে।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে ভোর সাড়ে পাঁচটার দিকে ফরমিনের রক্তাক্ত লাশ উদ্ধার করে। এ সময় হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে গৃহকর্তা রাশেদুল, তাঁর স্ত্রী সাবিনা জাহান, শ্বশুর আবদুল্লাহেল বাকী ও ভবনটির তত্ত্বাবধায়ক বাদশা ওরফে নকিবকে গ্রেপ্তার করে।দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লোকমান হেকিম বলেন, ওই বাসার ভেতরেই মেয়েটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। মেয়েটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ওসি আরও জানান, রাশেদুল পুলিশকে বলেছেন, সোমবার রাত ১২টার দিকে তাঁরা ঘুমাতে যান। সকালে জেগে এ ঘটনা জানতে পারেন। কীভাবে ফরমিন মারা গেছে, তা তিনি জানেন না।এদিকে ফরমিনকে হত্যার বিচারের দাবিতে স্থানীয় লোকজন গতকাল সকালে বিমানবন্দর গোলচত্বর এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।