চট্টগ্রাম সিটি করপোরেশন
বাবা প্রধান প্রকৌশলী, ছেলে ঠিকাদার
২০১৬ সালের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি সিটি করপোরেশনের কাজ করছে। ছয় বছরে প্রায় ১৯ কোটি টাকার কাজ করেছে।
চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের ছেলে আদনান রফিকের রয়েছে ঠিকাদারি প্রতিষ্ঠান। গত ছয় বছরে সিটি করপোরেশনের প্রায় ১৯ কোটি টাকার কাজ করেছে প্রতিষ্ঠানটি। এখন চলমান রয়েছে প্রায় দুটি কোটি টাকার কাজ। এভাবে সরকারি চাকরিজীবী বাবার প্রতিষ্ঠানে ছেলের ঠিকাদারি করার বিষয়টিকে বিধি ভঙ্গ ও স্বার্থের সংঘাত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
আদনান রফিকের ঠিকাদারি প্রতিষ্ঠানের নাম মেসার্স মিয়াজি কনস্ট্রাকশন। ২০১৬ সালের ডিসেম্বর মাস থেকে প্রতিষ্ঠানটি চট্টগ্রাম সিটি করপোরেশনে ঠিকাদারি করছে। নথিপত্র অনুযায়ী, আদনান রফিকের বর্তমান বয়স প্রায় ২৭ বছর। অর্থাৎ ২১ বছর বয়স থেকে ঠিকাদারি ব্যবসা করছেন তিনি।
এর আগে সিটি করপোরেশনের প্রকৌশল বিভাগের বিদ্যুৎ শাখার এক প্রকৌশলীর স্ত্রীর ঠিকাদারি ব্যবসা করার অভিযোগ ওঠে। পরে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিষয়টি তদন্ত করে বিধি ভঙ্গের অভিযোগে ওই প্রকৌশলীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেয়। এ ছাড়া সম্প্রতি একই শাখার আরেক প্রকৌশলীর বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয় মন্ত্রণালয়।
ছয় বছরে যত কাজ
২০১৯ সালে তৎকালীন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বর্তমান প্রধান প্রকৌশলী) রফিকুল ইসলাম মেসার্স মিয়াজি কনস্ট্রাকশনকে একটি প্রত্যয়নপত্র দেন। এতে বলা হয়, মেসার্স মিয়াজি কনস্ট্রাকশন চট্টগ্রাম সিটি করপোরেশনের তালিকাভুক্ত প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান চট্টগ্রাম সিটি করপোরেশনের অধীনে ছয়টি উন্নয়নকাজ সন্তোষজনকভাবে শেষ করেছে। এতে ব্যয় হয়েছে ১৯ কোটি ৪৬ লাখ টাকা।
ওই প্রত্যয়নপত্র অনুযায়ী, মেসার্স মিয়াজি কনস্ট্রাকশন লিমিটেড ২০১৬-১৭ অর্থবছরে ১২ লাখ ৬০ হাজার টাকায় ১০ নম্বর ওয়ার্ডের আমানত উল্লাহ শাহ পাড়া সড়কের উন্নয়নকাজ করে। এরপর ৪ কোটি ৬২ লাখ টাকায় ৯ নম্বর ওয়ার্ডের রেলওয়ে আকবর শাহ সোসাইটি রোড, ১৩ নম্বর ওয়ার্ডের দক্ষিণ খুলশীর আবাসিক এলাকার বাই লেনের উন্নয়নে ৪ কোটি ৭ লাখ টাকার কাজ, ৫ কোটি ৪০ লাখ টাকা ব্যয়ে ২৩ নম্বর ওয়ার্ডের লাল মিঞা ছড়ার প্রতিরোধ দেয়ালের নির্মাণকাজ, ৭৩ লাখ ২৮ হাজার টাকা ব্যয়ে কর্ণফুলী আবাসিক এলাকায় নালার কাজ এবং ৯ নম্বর ওয়ার্ডে ইগল স্টার সড়কের উন্নয়নে সাড়ে ৪ কোটি টাকার কাজ করে।
আরেকটি নথিতে দেখা গেছে, নগরের ৯ নম্বর ওয়ার্ডের বিশ্বকলোনির জি ব্লকের রাস্তা ও উন্নয়নে ২ কোটি ২৩ লাখ টাকার আরেকটি কাজ করছে মেসার্স মিয়াজি কনস্ট্রাকশন। সিটি করপোরেশনের উত্তর পাহাড়তলী ওয়ার্ডের কাউন্সিলর মো. জহুরুল আলম জসিম প্রথম আলোকে বলেন, কাজটি পুরোপুরি শেষ হয়নি। মামলাজনিত কারণে একটি অংশের কাজ আটকে আছে।
এই ঠিকাদারি প্রতিষ্ঠান অধিকাংশ কাজ করেছে ৯ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডের নির্বাহী প্রকৌশলী জসিম উদ্দিন। গত সোমবার অফিসে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। মুঠোফোনও বন্ধ থাকায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।
বাস্তবতা হচ্ছে, প্রধান প্রকৌশলী ছেলেকে ব্যবহার করেছেন। ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া গুরুতর অন্যায়। এর চেয়ে বড় দুর্নীতি আর হতে পারে না।আখতার কবির চৌধুরী সম্পাদক, সুশাসনের জন্য নাগরিক, চট্টগ্রাম
ছেলের ঠিকাদারি করার বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম প্রথম আলোকে বলেন, তাঁর ছেলে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। দেশের বাইরে পড়াশোনা করে করোনার আগে এসেছেন। ঠিকাদারি ব্যবসার প্রশ্নই আসে না।
তাহলে ছেলের নাম ও বাবার নাম মিল থাকার বিষয়ে জানতে চাইলে রফিকুল ইসলাম বলেন, ‘একই নামে থাকতে পারে। তবে আমি জানি না। ওর নামের আগে-পরে আরও আছে। এটা ফলস (মিথ্যা তথ্য)। অন্য কেউ হবে। কেউ হয়তো কিছু করছে।’ স্থায়ী ঠিকানা একই এলাকা হওয়া প্রসঙ্গে বলেন, এত বড় এলাকা। নামের মিল তো থাকতে পারে।
অনুসন্ধানে জানা যায়, আদনান রফিকের বর্তমান ঠিকানা চট্টগ্রাম নগরের জিইসি মোড়ের শান্তিধারা আবাসিক এলাকায়। একই ঠিকানায় প্রধান প্রকৌশলী রফিকুল ইসলামের বাসা। এ ছাড়া স্থায়ী ঠিকানা চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গুমানমর্দনের সৈয়দপাড়া। রফিকুল ইসলামের ঠিকানাও এটি। সম্প্রতি রফিকুল ইসলামের ছেলে আদনান রফিকের বিয়ে হয়েছে। দাওয়াত কার্ডে তাঁর ছেলের নাম ‘আদনান রফিক’ উল্লেখ করা হয়েছে।
এদিকে প্রতিষ্ঠানটির ঠিকানা দেওয়া হয়েছে চট্টগ্রাম নগরের চান্দগাঁওয়ের ফরিদার পাড়ার ফিরোজ মঞ্জিলে। কিন্তু গত রোববার দিনভর ফরিদার পাড়া ঘুরে এ ধরনের কোনো প্রতিষ্ঠান পাওয়া যায়নি। স্থানীয় প্রবীণ ও ব্যবসায়ীরাও এ ধরনের প্রতিষ্ঠান থাকার কথা জানাতে পারেননি। আদনান রফিকের ঠিকাদারি প্রতিষ্ঠানের প্যাডে দেওয়া নম্বরে একাধিকবার ফোন দেওয়া হলেও তা কেউ ধরেননি। মিয়াজি কনস্ট্রাকশন থেকে ব্যাংকে দেওয়া নথিপত্রে এই মুঠোফোন নম্বরটি দেওয়া হয়েছে।
বিধি ভঙ্গের অভিযোগ
২০১৯ সালের ১৬ জুলাই স্থানীয় সরকার বিভাগের এক নথিতে উল্লেখ করা হয়েছিল, চট্টগ্রাম সিটি করপোরেশনের দুজন কর্মকর্তার বিরুদ্ধে বেনামে ঠিকাদারি ব্যবসা পরিচালনার অভিযোগ রয়েছে। সিটি করপোরেশনের বিদ্যুৎ শাখার দুই উপসহকারী প্রকৌশলীর বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়। এর মধ্যে একজনের স্ত্রী ঠিকাদারি প্রতিষ্ঠানের মাধ্যমে সিটি করপোরেশনের কয়েকটি প্রকল্পের কাজ করেছেন।
ওই নথিতে বলা হয়েছিল, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা ১৯৭৯-এর ১৭(৩) ধারা অনুযায়ী, কোনো সরকারি কর্মচারী সরকারের অনুমোদন ছাড়া পরিবারের কোনো সদস্যকে তাঁর এখতিয়ারাধীন এলাকায় ব্যবসায় জড়িত হওয়ার অনুমতি দিতে পারবেন না।
চট্টগ্রাম সিটি করপোরেশন কর্মচারী বিধিমালা অনুযায়ী, কর্মকর্তা-কর্মচারীর পরিবারের সদস্যরা সিটি করপোরেশনের সঙ্গে কোনো ব্যবসায়িক লেনদেন করলে তা অনুমোদনের সিদ্ধান্ত ওই কর্মকর্তা বা কর্মচারী দিতে পারবেন না। কিন্তু আদনান রফিকের ক্ষেত্রে প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম তাঁর প্রত্যয়নপত্র দিয়েছেন। তা ছাড়া প্রধান প্রকৌশলী হিসেবে তিনিই কাজের বিলের টাকা ছাড়ের নথিতে সই করেন।
এ ব্যাপারে জানতে সিটি করপোরেশনের মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর মুঠোফোনে কল করা হলেও তিনি ধরেননি। এরপর গত বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় খুদে বার্তা পাঠানো হলেও তিনি উত্তর দেননি।
সার্বিক বিষয়ে জানতে চাইলে সুশাসনের জন্য নাগরিক (সুজন) চট্টগ্রামের সম্পাদক আখতার কবির চৌধুরী প্রথম আলোকে বলেন, যে বয়সে ছেলে ঠিকাদারি ব্যবসা শুরু করেছেন, ওই বয়সে তো তাঁর পড়াশোনায় ব্যস্ত থাকার কথা। বাস্তবতা হচ্ছে, প্রধান প্রকৌশলী ছেলেকে ব্যবহার করেছেন। ছেলের ঠিকাদারি প্রতিষ্ঠানকে কাজ দেওয়া গুরুতর অন্যায়। এর চেয়ে বড় দুর্নীতি আর হতে পারে না। এতে আইনের ব্যত্যয় হয়েছে। জবাবদিহি নেই বলে এ ধরনের ঘটনা ঘটছে। জনগণের অর্থ লোপাট হচ্ছে। তাই সিটি করপোরেশন ও স্থানীয় সরকার মন্ত্রণালয়কে এই বিষয়ে দ্রুত তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া উচিত।