বাবা বলেছিল, টাঙ্গাইল থেকে মিষ্টি এনে তোকে খাওয়াব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বাবা আমার এসএসসির ফল শুনে খুবই খুশি হয়েছিল। আমাকে বলেছিল, শুক্রবার ছুটি নিয়ে বাড়ি আসব। টেকনাফ থেকে তোর জন্য জামার কাপড় আনব। টাঙ্গাইল থেকে মিষ্টি এনে খাওয়াব। বাবা সত্যিই আজ বাড়ি আসবে। তবে লাশ হয়ে।’
এসব নানা স্মৃতির কথা বলে বিলাপ করছিল আনসারের প্লাটুন কমান্ডার আলী হোসেনের (৫৫) মেয়ে সুমা আক্তার। দুই সন্তানের বাবা আলী হোসেন কক্সবাজারের টেকনাফের শালবন আনসার ক্যাম্পের প্লাটুন কমান্ডার ছিলেন। গত বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে অস্ত্রধারী দুর্বৃত্তরা তাঁকে গুলি করে হত্যা করে ১১টি অস্ত্র ও ৬৭০টি গুলি লুট করে পালিয়ে যায়।
আলী হোসেনের বাড়ি টাঙ্গাইলের সখীপুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের শৌখিন মোড় এলাকায়। তাঁর বাবা মৃত শুকুর মামুদ। আলী হোসেনের লাশ গতকাল শুক্রবার শেষ রাতের দিকে সখীপুরে পৌঁছতে পারে বলে তাঁর ভাই বাউল শিল্পী আবুল সরকার প্রথম আলোকে জানিয়েছেন। গতকাল সকাল আটটার দিকে আলী হোসেনের মৃত্যুর খবর পায় পরিবার।
গতকাল বেলা ১১টার দিকে এ প্রতিবেদক শৌখিন মোড়ের বাড়িতে গিয়ে দেখেন, আলী হোসেনের স্ত্রী-সন্তানসহ স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে। আলী হোসেনের স্ত্রী সাজেদা বেগম বারবার মূর্ছা যাচ্ছিলেন।
আলী হোসেন-সাজেদা দম্পতির ছেলে শওকত আলী ওরফে সুজন এবার সরকারি মুজিব কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দিচ্ছে। আলী হোসেনের ছোট ভাই বাউল শিল্পী আবুল সরকার বলেন, ‘অস্ত্রাগারের চাবি কাছে থাকায় তিনি দুর্বৃত্তের হাতে খুন হয়েছেন বলে আমরা ধারণা করছি।’
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আবদুল্লাহ প্রথম আলোকে বলেন, ‘এ বিষয়ে মেসেজ পেয়েছি। তবে লাশ কখন সখীপুরে স্বজনদের কাছে পৌঁছাবে, সে বিষয়ে মেসেজ এখনো পাইনি।’