বাবা বিয়ে করায় আত্মহত্যা
বাবা দ্বিতীয় বিয়ে করায় লজ্জা ও ঘৃণায় মঙ্গলবার আত্মহত্যা করেছে এক এসএসসি পরীক্ষার্থী। ঘটনাটি ঘটেছে বরিশালের গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের মেদাকুল সালতা গ্রামে। মৃতের পারিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের আবদুল জব্বার আকন ১৭ বছর আগে পার্শ্ববর্তী কমলাপুর গ্রামের রাবেয়া বেগমকে বিয়ে করেন। তাঁদের ছেলে সহিদ আকন গাইনেরপাড় দাখিল মাদ্রাসা থেকে এবার এসএসসি (দাখিল) পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। জব্বার আকন গত ২৯ জানুয়ারি কালকিনি উপজেলার রাজদী গ্রামে গোপনে দ্বিতীয় বিয়ে করেন। এ বিয়েতে জব্বারের প্রথম স্ত্রী ও সন্তানদের মত ছিল না। বাবার দ্বিতীয় বিয়ের খবর শুনে সোমবার রাত নয়টার দিকে সহিদ আকন ক্ষোভে ও ঘৃণায় কীটনাশক পানে করে। গুরুতর অসুস্থ অবস্থায় তাকে গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে সহিদ মারা যায়। সহিদের মা রাবেয়া বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘ওর কত স্বপ্ন ছিল, লেখাপড়া করে অনেক বড় হবে। মানুষের মতো মানুষ হবে। আমার সব শেষ হইয়া গেল। ওর বাবার দ্বিতীয় বিয়ের খবর শুনে সে বিষপানে আত্মহত্যা করেছে।’ খাঞ্জাপুর ইউপির চেয়ারম্যান আকন সিদ্দিকুর রহমান গতকাল বুধবার বলেন, ‘খবর পেয়ে সহিদের বাড়িতে গিয়ে পরিবার ও আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে জেনেছি, তার বাবা দ্বিতীয় বিয়ে করায় ক্ষোভে ও ঘৃণায় সহিদ আত্মহত্যা করেছে।’ এ ব্যাপারে আবদুল জব্বার আকনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।